
আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম—রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তাঁরা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।
‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায়/কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।
ক্যারিয়ারের শুরু থেকে রবি চৌধুরী ও মনির খানের ভালো বন্ধুত্ব। মনির খানের ভাষ্যমতে, যে সময় অনেকে তাঁকে এড়িয়ে চলছিলেন, তখন তাঁকে আপন করে নিয়েছিলেন রবি চৌধুরী। তাই প্রথমবার রবি চৌধুরীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত তিনি।
গান রেকর্ডিংয়ের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন রবি চৌধুরী। সেখানে রবি চৌধুরীকে নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে মনির খান বলেন, ‘আমি রবি চৌধুরীর গানের ভীষণ ভক্ত। শুধু গায়কি নয়, তাঁর কথা, আচরণেও আমি মুগ্ধ। দীর্ঘদিন পরে হলেও একসঙ্গে একটি গান করতে পারলাম। আমার প্রথম অ্যালবাম যখন বের হলো, সে সময় অনেকের কাছে যাওয়া হয়েছে। অ্যালবামটি দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। অনেকে ব্যস্ততার কারণে আমাকে সেভাবে গ্রহণ করতে পারেননি। কেউ হয়তো অসময়ে যাওয়ায় বিরক্ত হয়েছেন। কিন্তু রবি চৌধুরী ভাইয়ের বাসায় যাওয়ার পর আমাকে তিনি আপন করে নিয়েছেন। গানগুলো শুনে আমার জন্য অনেক দোয়া করেছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে আমার ভেতর টগবগে আনন্দ লাগছে। তাঁর সঙ্গে গাওয়া মুহূর্তটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’
রবি চৌধুরী বলেন, ‘মনির খানের ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে আমার ভাই বলে জেনেছি। তাঁর গানের ভক্ত আমি। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে বিটিভি থেকে আমাদের ডাকা হয়েছে। সেখানে আমাদের একক গান তো থাকবেই। পাশাপাশি দুজন মিলে একটা দ্বৈত গান করেছি আমার কথা ও সুরে। আশা করি, সবার ভালো লাগবে।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৪ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে