
অবশেষে কাটল ভিসা জটিলতা। হাঁপ ছেড়ে বাঁচল ‘প্রিন্স’ টিম! সব শঙ্কা দূর করে সম্প্রতি ভারতে শুরু হয়েছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার শুটিং। ইতিমধ্যে সেখানে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খানসহ প্রিন্সের অভিনয়শিল্পীরা। এমনটাই জানা গেল প্রিন্সের প্রযোজনাসংশ্লিষ্ট সূত্র থেকে।
পরিকল্পনা অনুযায়ী কথা ছিল ডিসেম্বরে ভারতে শুরু হবে শাকিব খান অভিনীত প্রিন্স সিনেমার শুটিং। তবে নির্ধারিত সময়ে পাওয়া যায়নি শিল্পী-কলাকুশলীদের ভিসা। শুটিং শুরু করতে না পারায় রোজার ঈদে প্রিন্স সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ পরিস্থিতিতে তড়িঘড়ি করে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। এরপর ভারতের পরিবর্তে শুটিংয়ের জন্য শ্রীলঙ্কাকে বেছে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান। কিছু অংশের শুটিংও হয় দ্বীপ দেশটিতে। তবে নির্মাতাদের মাথায় তখনো ছিল ভারত। কারণ সেভাবেই তাঁরা সেরে রেখেছিলেন পুরো প্রস্তুতি। তাই ভিসার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিলেন। শিল্পী ও কলাকুশলীদের ভিসা পাওয়ার মাধ্যমে সেই অপেক্ষার ফল পেলেন তাঁরা।
ভারতে শুটিং শুরু হলেও এখনই এ নিয়ে কোনো কথা বলতে চান না পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। প্রযোজনাসংশ্লিস্ট সূত্র থেকে জানা গেল, এখন নির্মাতাদের সম্পূর্ণ মনোযোগ সিনেমার শুটিং নিয়ে। সব কাজ শেষ করেই জানাতে চান বিস্তারিত।
জানা গেছে, নির্মাতা আবু হায়াত মাহমুদ ও তাঁর টিমের ফুরসত নেই একদণ্ড। কারণ ঈদ ঘনিয়ে আসছে। দিনরাত কাজ করে শুটিং শেষ করতে হবে, শুরু করতে হবে পোস্ট প্রোডাকশনের কাজ। এমন ব্যস্ততার মাঝে ভারতের ভিসা পাওয়ায় পুরো টিমকে স্বস্তি এনে দিয়েছে।
প্রিন্সে শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। শাকিবের বিপরীতে আছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বিভিন্ন চরিত্রে আরও আছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখ।
এ মাসের শুরুতে প্রকাশ পেয়েছে প্রিন্সের মোশন পোস্টার। ১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিবকে দেখা গেল বিধ্বংসী রূপে। মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস আর পরনে কালো গাউন, হাতে ইউনিক ডিজাইনের একটি মিউজিক্যাল বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিব খান। আকাশে উড়তে থাকা একটি হেলিকপ্টারের দিকে অস্ত্র তাক করে রেখেছেন।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে