
বাংলাদেশে এক সময় গুম হয়ে উঠেছিল স্বাভাবিক ঘটনার মতো। সংবাদপত্র খুললেই দেখা যেত এমন খবরের ছড়াছড়ি। প্রশাসনের পরিচয় দিয়ে অনেককে বাড়ি থেকে তুলে নেওয়া হতো, তারপর সেই ব্যক্তির হদিস আর মিলত না। তেমনি এক সত্য ঘটনা অবলম্বনে রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘আমলনামা’। আগামী ১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
গত শনিবার রাতে প্রকাশ পেয়েছে আমলনামার ট্রেলার। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাদা পোশাকের কালো থাবায় যারা হারিয়ে গেছে, তারা কি আর কখনও ফিরবে?’ ২ মিনিটের ভিডিওটি শুরু হয়েছে কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’ কবিতার লাইন দিয়ে। এরপরেই দেখা যায় মধ্যরাতে আইনের লোকের পরিচয় দিয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় পারভীনের স্বামীকে। বলা হয় মাদকের সঙ্গে জড়িত সে।
এরপর স্বামীকে খুঁজতে কঠিন পথে হাঁটতে শুরু করে পারভীন। এদিকে এক দৃশ্যে দেখা যায়, পুলিশ কর্মকর্তা ইমরান জামান পারভীনের স্বামীকে মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে।’ শেষ পর্যন্ত পারভীনের স্বামীর ভাগ্যে কী ঘটেছিল, তা খোলাসা হবে ওয়েব ফিল্মের কাহিনিতে।
রায়হান রাফী বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনো ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল। একটি ঘটনা থেকে অনুপ্রেরণা নিলেও সিনেমাটিতে নানা রকমের ঘটনা রয়েছে।’
পুলিশ কর্মকর্তা ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আমলনামা দিয়ে দুই বছর পর ওটিটিতে ফিরলেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
পারভীন চরিত্রে অভিনয় করা তমা মির্জা বলেন, ‘দারুণ একটি গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পারভীন চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগৎ থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে।’
আমলনামার চিত্রনাট্য লিখেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৭ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৭ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৭ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৯ ঘণ্টা আগে