বিভিন্ন সময় বলিউড তারকাদের অনর্থক চাহিদার সমালোচনা করেছেন পরিচালক অনুরাগ কশ্যপ, ফারাহ খান, অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীসহ অনেকে। তাঁদের দাবি, তারকাদের বিলাসবহুল জীবনযাপনের খরচ মেটাতে হয় সিনেমার প্রযোজকদের। বেশির ভাগ তারকা শুটিং সেটে চার-পাঁচটি করে ভ্যানিটি ভ্যান নিয়ে যান—কোনোটিতে মেকআপ নেন, কোনোটিতে রান্না হয়, কোনোটিতে জিম কিংবা মিটিং। এসব ভ্যানের খরচ যায় সিনেমার বাজেট থেকে। এ ছাড়া তারকাদের ড্রাইভার কিংবা সহকারীদের টাকাও দিতে হয় প্রযোজককে।
তার ওপর তো তারকাদের নানা টালবাহানা লেগেই থাকে। বেশির ভাগ তারকা শুটিং সেটে আসেন ১০-১২ জন সহকারী নিয়ে। এতে একদিকে যেমন সিনেমার খরচ বেড়ে যায়, প্রযোজকেরাও পড়েন ক্ষতির মুখে। বিষয়টি নিয়ে এবার সরব হলেন আমির খানও। তিনি জানালেন, তারকাদের এমন অনর্থক চাহিদা শুধু অদ্ভুত নয়, লজ্জাজনকও বটে।
চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষক কমল নেহতাকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি আমির খান জানান, তিনি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিলেন, তখন এমন নিয়ম ছিল যে, তারকারা সেটে এলে তাঁদের ড্রাইভার ও সহকারীর টাকা দিতেন প্রযোজক। তবে আমিরের বিষয়টি ভালো লাগেনি। তিনি এ অর্থ নিতে অস্বীকার করেন।
আমির খান বলেন, ‘আমি ভাবতাম, আমার সহকারী ও ড্রাইভার তো সার্বক্ষণিক আমার জন্যই কাজ করে। প্রযোজক কেন তাদের টাকা দিচ্ছেন? আমি খুবই স্বাধীনচেতা মানুষ। আমি চাই না আমার লোকের টাকা অন্য কেউ দিয়ে দিক। আমার বাচ্চার স্কুলের বেতনও কি তাঁরা দিয়ে দেবেন? আমার মনে হয়, প্রযোজকদের ওইটুকু খরচ করা উচিত, যেটা সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট। প্রযোজক মেকআপম্যান, হেয়ারড্রেসার, কস্টিউম পারসনের টাকা দেবেন। এগুলো সিনেমার জন্য। আমার সহকারী এবং ড্রাইভারের টাকা তাঁরা কেন দেবেন? তারা আমার জন্য কাজ করছে, আমিই তাদের টাকা দেব।’
ক্যারিয়ারের শুরু থেকেই বিষয়টি নিয়ে আমির সচেতন থাকলেও ইন্ডাস্ট্রি দিনে দিনে উল্টো পথে হেঁটেছে। আমির জানান, এখন শুধু তারকাদের ড্রাইভার কিংবা সহকারীর বেতন নয়; তাঁদের রান্নার লোক, জিম ট্রেইনার, এমনকি তারকাদের সোশ্যাল মিডিয়া পেজের জন্য যারা কাজ করে, তাদের বেতনও দিতে হয় প্রযোজককে।
আমির খান বলেন, ‘এখনো তারকাদের ড্রাইভার কিংবা সহকারীর বেতন তারকারা দেন না, প্রযোজক দেন। আজকাল তারকাদের সঙ্গে তাঁদের রান্নার লোক আসে সেটে। কুকিং ভ্যান আসে, জিমের জন্য আলাদা ভ্যান আসে, ট্রেইনার আসে। সবই সিনেমার বাজেট থেকে দিতে হয়। আমার খুব অদ্ভুত লাগে বিষয়গুলো। এটা খুব দুঃখজনক এবং ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর। একজন টিম মেম্বার হিসেবে প্রতিটি অভিনেতার এটুকু খেয়াল রাখা উচিত যে, তাঁর জন্য যেন সিনেমার কোনো ক্ষতি না হয়। আপনি যদি এত বড় তারকা হন, কোটি কোটি টাকা আয় করছেন, আপনার কি নিজের খরচ বহন করার মতো এতটুকু আত্মসম্মান নেই?’ ইন্ডাস্ট্রির প্রভাবশালী তারকাদের প্রতি প্রশ্ন আমির খানের।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪১ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪৪ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে