অভিনেতা হিসেবে ২৫ বছর পেরিয়েছে হৃতিক রোশনের। এবার অভিনয়ের বাইরে অন্যান্য দিকে নিজের দক্ষতা পরীক্ষা করছেন তিনি। ‘কৃষ ফোর’ দিয়ে পরিচালকের আসনে বসবেন হৃতিক। এবার প্রযোজক হিসেবেও যাত্রা শুরু হচ্ছে তাঁর। জানা গেছে, এইচআরএক্স ফিল্মস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন হৃতিক। এই প্রতিষ্ঠান থেকে একটি বড় বাজেটের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। যেটি প্রচারিত হবে আমাজন প্রাইম ভিডিওতে।
২০১৯ সালে মুক্তি পাওয়া হৃতিকের আলোচিত সিনেমা ‘সুপার থার্টি’র প্রযোজনার সঙ্গে যুক্ত ছিল এইচআরএক্স ফিল্মস। তবে সাজিদ নাদিয়াদওয়ালা, অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে—এই তিনজন ছিলেন সিনেমাটির মূল প্রযোজকের ভূমিকায়। হৃতিক সেভাবে যুক্ত ছিলেন না ক্যামেরার পেছনে। মূলত এই ওয়েব সিরিজ দিয়েই সরাসরি প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।
সংবাদমাধ্যম পিপিংমুন জানিয়েছে, প্রায় তিন বছর ধরে এই ওয়েব সিরিজের কনসেপ্ট নিয়ে কাজ করছেন হৃতিক। তিনিই এর খুঁটিনাটি তত্ত্বাবধান করছেন। এই সিরিজের গল্প কী কিংবা কারা এতে অভিনয় করছেন, তা জানা যায়নি। তবে এটুকু জানা গেছে, সামাজিক থ্রিলার গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজটি। এ বছরের শেষের দিকে শুরু হবে শুটিং। ওয়েব সিরিজের এই রমরমা সময়ে হৃতিকের প্রযোজনা প্রতিষ্ঠান নতুন কী উপহার দেয় দর্শকদের, সেদিকেই দৃষ্টি সবার।
অন্যদিকে, কৃষ ফোর নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃতিক। কৃষ সিরিজের সর্বশেষ সিনেমাটি মুক্তি পেয়েছে এক যুগ আগে। ‘কোয়ি...মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। তিনি অনেক দিন ধরে চাইছিলেন এই সুপারহিরোকে আবার পর্দায় নিয়ে আসতে। কিন্তু গত বছর পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন রাকেশ। চতুর্থ সিনেমার পরিচালনার দায়িত্ব তাই তুলে দিয়েছেন ছেলের কাঁধে।
অবশ্য ক্যামেরার পেছনে হৃতিক এই প্রথম নন; নায়ক হিসেবে পর্দায় অভিষেকের আগে বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারী পরিচালক ছিলেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।
কৃষ ফোরের বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃতিক। এবার তাঁকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এই পর্বে মূল খলনায়কও হৃতিক। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা চোপড়াকে অভিনয়ে দেখা যাবে বলে জানা গেছে।
কৃষ ফোরের চিত্রনাট্য লেখার কাজ শেষ। পুরোদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সিনেমার বাজেট নিয়ে কিছুটা জটিলতা ছিল; সেটাও কেটে গেছে। আগামী বছরের মাঝামাঝি থেকে কৃষ ফোরের শুটিং শুরু হবে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে