
মধ্যপ্রাচ্যে ঘনীভূত সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই বিশ্ব জ্বালানি বাজারে দুটি বিপরীতমুখী চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একদিকে মার্কিন নৌ-অবরোধ উপেক্ষা করে ইরানের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিশাল সুপারট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করেছে, অন্যদিকে ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে ইউরোপের দেশ নরওয়ে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ সত্ত্বেও ইরানের একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত সুপারট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (ভিএলসিসি) শ্রেণির এই বিশাল জাহাজটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম।
ট্যাংকারটি বর্তমানে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। তবে জাহাজটি তেল নিয়ে ফিরছে নাকি খালি অবস্থায় আছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া খাদ্যপণ্য বোঝাই একটি জাহাজও উপসাগরীয় জলসীমায় প্রবেশ করেছে এবং সেটিও খোমেনি বন্দরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে ইরান।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ১৫টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সৈন্যের পাহারার মধ্যে এই জাহাজের চলাচল ওয়াশিংটনের অবরোধের কার্যকারিতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এদিকে ইরান-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছে নরওয়ে।
স্ট্যাটিসটিকস নরওয়ে জানিয়েছে, গত মার্চ মাসে দেশটি ৫ হাজার ৭৪০ কোটি ক্রোনার (প্রায় ৬০৮ কোটি ডলার) মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এটি গত বছরের একই সময়ের তুলনায় অবিশ্বাস্যভাবে ৬৭.৯ শতাংশ বেশি। গত মার্চে তাদের প্রতি ব্যারেল তেলের গড় দাম ১০৭ দশমিক ৫২ ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ মাসিক গড়। রাশিয়ার পর ইউরোপের বৃহত্তম জ্বালানি (তেল ও গ্যাস) উৎপাদক হিসেবে নরওয়ে বর্তমানে বিশ্ববাজারে তেলের ঘাটতি মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর ফলে একদিকে যেমন সাধারণ আমদানিকারক দেশগুলো বিপাকে পড়েছে, অন্যদিকে নরওয়ের মতো বিকল্প রপ্তানিকারক দেশগুলো বিপুল মুনাফা করছে। মার্কিন নৌ-অবরোধের মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা চললেও, নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের চলাচল প্রমাণ করছে যে তেহরান এখনো বিকল্প পথে তাদের বাণিজ্য সচল রাখার চেষ্টা করছে।
আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী, এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়তে পারে। যদি হরমুজ প্রণালি দিয়ে তেলের চলাচল দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়, তবে তেলের দাম আরও বাড়বে, যা নরওয়ের মতো দেশগুলোর আয় আরও বাড়াবে কিন্তু উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৫ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৫ ঘণ্টা আগে