Ajker Patrika

জ্বালানির দাম আকাশছোঁয়া, ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করছে এয়ার নিউজিল্যান্ড

এএফপি
জ্বালানির দাম আকাশছোঁয়া, ১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করছে এয়ার নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় আগামী দুই মাসে ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড। এর আগে মঙ্গলবার সব রুটেই টিকিটের দাম বাড়িয়েছে এয়ারলাইনটি।

সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল রবীশঙ্কর আজ বৃহস্পতিবার জানান, মোট ফ্লাইটের প্রায় পাঁচ শতাংশ বাতিল করা হবে, যার ফলে প্রায় ৪৪ হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির ভাগই নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ রুটের। তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইটও এ তালিকায় রয়েছে। তবে নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্র রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ইউরোপগামী বিকল্প রুটে বাড়তি চাহিদার কারণে এ রুটে কোনো কাটছাঁট করা হচ্ছে না বলে জানান তিনি।

রবিশঙ্কর বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জেট ফুয়েলের দাম দ্বিগুণ বেড়ে গেছে। বিশ্বজুড়ে এয়ারলাইনগুলো এই অস্বাভাবিক মূল্য ওঠানামা সামাল দিতে ভাড়া ও ফ্লাইট সূচি সমন্বয় করছে। তিনি জানান, জেট ফুয়েলের দাম কিছুদিন আগেও ব্যারেলপ্রতি প্রায় ৮৫ মার্কিন ডলার ছিল। এখন তা দ্বিগুণে পৌঁছেছে। ব্যয় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের জন্য ভাড়া তুলনামূলক সহনীয় রাখতে ফ্লাইট সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। ইরানের হামলায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গুরুত্বপূর্ণ এই জলপথ কার্যত অচল হয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত