Ajker Patrika

পোশাক কারখানা: ঋণ ও প্রণোদনায় স্বস্তি, এবার বেতন-বোনাস মিলছে আগেই

  • ৯৬% কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ।
  • ঈদের বোনাস দিয়েছে ৯২% কারখানা।
  • শিল্প এলাকায় ১৯ মার্চ পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার সিদ্ধান্ত।
রোকন উদ্দীন, ঢাকা
পোশাক কারখানা: ঋণ ও প্রণোদনায় স্বস্তি, এবার বেতন-বোনাস মিলছে আগেই
ফাইল ছবি

ঈদ ঘনিয়ে এলেই তৈরি পোশাক কারখানাগুলোতে সাধারণত শ্রমিক অসন্তোষ বাড়তে দেখা যায়। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্রতিবছরই কোথাও না কোথাও আন্দোলনের ঘটনা ঘটে। তবে এবার সে পরিচিত চিত্র অনেকটাই বদলে গেছে। অধিকাংশ কারখানায় আগেভাগেই পরিশোধ করা হচ্ছে বেতন-বোনাস, ফলে শ্রম অসন্তোষও তুলনামূলকভাবে কম।

শিল্প খাতসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের দেওয়া বিশেষ ঋণসুবিধা ও বকেয়া প্রণোদনার অর্থছাড় পাওয়ায় এ পরিবর্তন এসেছে। ফলে কারখানামালিকেরা শ্রমিকদের পাওনা পরিশোধে কিছুটা স্বস্তি পেয়েছেন। সংশ্লিষ্টদের হিসাবে, এখন পর্যন্ত প্রায় ৯২ থেকে ৯৬ শতাংশ কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে ৭২ থেকে ৯২ শতাংশ কারখানায় ঈদের বোনাসও দেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিসে টানা সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের সুবিধার্থে তৈরি পোশাকশিল্প এলাকায় ১৯ মার্চ পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ঈদের ছুটির আগেই সব শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দেন। পরে রাজধানীর বেইলি রোডে তাঁর সরকারি বাসভবনে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়।

শিল্পমালিকদের সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় থেকে বকেয়া নগদ প্রণোদনার অর্থের মধ্যে দুই ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন পরিশোধে এক মাসের সমপরিমাণ বিশেষ ঋণসুবিধাও চালু করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নিট পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম আজকের পত্রিকাকে জানান, প্রণোদনার অর্থ ও বিশেষ ঋণসুবিধা পাওয়ায় এবার কারখানামালিকেরা আগেভাগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে পারছেন। এ ছাড়া সমস্যাগ্রস্ত কিছু কারখানার জন্য অতিরিক্ত আরও ৬৫ কোটি টাকাও ছাড় দেওয়া হয়েছে, যা বেতন-বোনাসে গড়াচ্ছে।

অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে সচল ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে প্রায় ৯৪ শতাংশ ইতিমধ্যে ফেব্রুয়ারির বেতন পরিশোধ করেছে। এ ছাড়া ১ হাজার ৫৩৫টি কারখানা শ্রমিকদের ঈদের বোনাসও দিয়েছে।

বিজিএমইএর সভাপতি মাহমুদুল হাসান খান বাবু বলেন, বাকি কারখানাগুলোও বন্ধের আগেই বোনাস পরিশোধ করবে। এ ছাড়া মার্চ মাসের বেতন পরিশোধ করা বাধ্যতামূলক না হলেও যাদের সামর্থ্য আছে, তারা মার্চের বেতনও দিয়ে দিচ্ছে।

এর আগে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নিয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠক ছাড়াও অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পৃথক বৈঠক করেন তৈরি পোশাক শিল্পমালিকেরা। সব কটি বৈঠকেই কারখানামালিকদের পক্ষ থেকে নানাবিধ সমস্যার কথা তুলে ধরা হয়। তাঁরা জানান, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ভূরাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক-সংক্রান্ত উত্তেজনার কারণে রপ্তানি আয় কমেছে। ক্রয়াদেশ কমে যাওয়া, ডেফার্ড শিপমেন্ট এবং তারল্যসংকটে অনেক কারখানা চাপের মুখে পড়েছে। গত এক বছরে প্রায় ৪০০ কারখানা বন্ধ হয়ে যাওয়ার কথাও তাঁরা উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু কি তবে মারা গেছেন

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত