
প্রায় শূন্য থেকে শুরু। এরপর ‘বন্ধন ব্যাংক’–এর প্রতিষ্ঠাতা সিইও। চন্দ্র শেখর ঘোষের এই অসাধারণ যাত্রার গল্পের পরতে পরতে রয়েছে চূড়ান্ত অধ্যবসায় এবং দূরদৃষ্টি। সম্প্রতি তিনি সিইও পদ ছাড়ার ঘোষণা দেন। গত জুলাইয়ে পদ ছেড়েছেন। অবসরে বন্ধন গ্রুপের সঙ্গে কৌশলগত সম্পর্ক অবশ্য থাকবে। গত ৮ এপ্রিল পর্যন্ত কলকাতাভিত্তিক এই ব্যাংকের বাজারমূল্য ছিল ২৯ হাজার ৭৮৭ কোটি রুপি।
চন্দ্র শেখরের জন্ম ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। ১৯৬০ সালে তাঁর জন্ম। আর্থিক অনটনের ভেতর বড় হয়েছেন। মা–বাবা একটি অতি সাধারণ মিষ্টির দোকান চালাতেন। এ দিয়ে সংসারে কখনো সচ্ছলতা আসেনি। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও পড়ালেখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন চন্দ্র শেখর। প্রাথমিক শিক্ষা শেষ করে চলে আসেন বাংলাদেশে। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ডিগ্রি নেন। আর্থিক অনটনের কারণে কিছু উপার্জনের চেষ্টা করতে থাকেন। শিশুদের পড়িয়েছেন, থেকেছেন আশ্রমে।
১৯৮৫ সালে জীবনের মোড় ঘুরে যায়। বাংলাদেশের বিখ্যাত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকে যোগ দেন চন্দ্র শেখর। এ দেশে গ্রামীণ নারীদের মধ্যে ক্ষুদ্রঋণের রূপান্তরমূলক প্রভাব নিজ চোখে দেখেছেন। ভারতেও একই ধরনের মডেলের সামাজিক ব্যবসা চালু করতে অনুপ্রেরণা পেয়েছেন বাংলাদেশ থেকেই।
১৯৯৭ সালে কলকাতায় ফিরে ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে কাজ শুরু করেন। ২০০১ সালে নারীদের ঋণসহায়তা দেওয়ার লক্ষ্যে ক্ষুদ্রঋণ সংস্থা বন্ধন প্রতিষ্ঠা করেন। পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ধার করা মাত্র দুই লাখ রুপি দিয়ে শুরু করেন এই উদ্যোগ। মাত্র ১২ জন কর্মচারীর একটি দল নিয়ে যাত্রা করে বন্ধন। ২০০২ সাল নাগাদ সংস্থাটি প্রায় ১ হাজার ১০০ নারীর মধ্যে মোট ১৫ লাখ রুপি ঋণ বিতরণ করে এই ব্যাংক।
সংস্থাটি দ্রুত বড় হতে থাকে। ২০০৯ সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকে (আরবিআই) একটি নন–ব্যাংকিং আর্থিক সংস্থা (এনবিএফসি) হিসেবে নিবন্ধিত হয় বন্ধন।
চন্দ্র শেখর ঘোষের এই উদ্যোগ অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে প্রায় ৮০ লাখ নারীর জীবন বদলে দেয়। ২০১৩ সালে আরবিআই নতুন ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করলে চন্দ্র শেখর ঘোষ সুযোগটি লুফে নেন, তিনিও আবেদন করেন। দুই বছর পর, ২০১৫ সালে বন্ধন ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
বর্তমানে বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ৩ কোটি ২৬ লাখ। ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলজুড়ে ৬ হাজার ২৬২টি এলাকায় পরিষেবা দেয়। এই ব্যাংকের এখন বাজারমূল্য ২৮ হাজার ৯৯৭ কোটি রুপি।
চন্দ্র শেখরের এই অবিশ্বাস্য উত্থান যে কারও জন্য অনুপ্রেরণা হতে পারে। যে ছেলেটি একসময় তাঁর পারিবারিক মিষ্টির দোকানে সাহায্য করত, তিনিই একদিন একটি বড় ব্যাংকের সিইও হয়েছেন। বহু মানুষের জীবন বদলে দিয়েছেন!
আরও খবর পড়ুন:

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২১ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩২ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে