
করদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও হয়রানি লাঘবে পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে ভ্যাট ফেরতের (ভ্যাট রিফান্ড) পাওনা টাকার জন্য করদাতাদের আর এনবিআর কার্যালয়ে সশরীর উপস্থিত হতে হবে না। স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে রিফান্ডের টাকা সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
আজ বুধবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক যাত্রার কথা জানানো হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন।
এনবিআর জানায়, বর্তমান ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই মডিউলটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের বিইএফটিএন (BEFTN) নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযুক্ত। এর ফলে করদাতারা যখন তাঁদের মাসিক ভ্যাট রিটার্ন জমা দেবেন, তখন সেই মাধ্যমেই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদনটি যাচাই-বাছাই করার পর অনুমোদিত অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে।
নতুন এই ব্যবস্থার উদ্বোধনী দিনেই ঢাকার তিনটি ভ্যাট কমিশনারেটের তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটির মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো করদাতাদের সেবা প্রদান সহজতর করা। তিনি বলেন, ‘আবেদন করা থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এখন ঘরে বসেই সম্পন্ন করা যাবে। এর ফলে রিফান্ড প্রক্রিয়ায় কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ থাকবে না এবং পুরো ব্যবস্থাটি স্বচ্ছ ও দ্রুত হবে।’
ডিজিটাল কর ব্যবস্থাপনার এই আধুনিকায়ন সফল করতে করদাতাদের পূর্ণ সহযোগিতা কামনা করেছে এনবিআর। এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা তথ্যের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
২ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
৩ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১০ ঘণ্টা আগে