
আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক দফা বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এক মাস সময় বাড়িয়ে রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আদেশ জারি করেছে সংস্থাটি। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিল করতে অসমর্থ করদাতাদের জন্য কাগুজে রিটার্ন দাখিলের আবেদন করার সময় বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২০২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করল।
অন্যদিকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, সুত্রোক্ত বিশেষ আদেশ নং-১ / ২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতাগণ ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে বিশেষ আদেশ নং-১ / ২০২৫ এর ক্রমিক নং-১ এ উল্লিখিত করদাতারা ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে তারা ১৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেশার রিটার্ন দাখিল করতে পারবেন।
এনবিআরের তথ্যমতে, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন জমা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা এরই মধ্যে তাদের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।
আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এ বছর বিশেষ পরিস্থিতিতে এর আগে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে। এ নিয়ে তৃতীয় দফায় সময় বাড়ানো হলো।
আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।
এনবিআর কর্মকর্তারা জানান, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারি ও ব্যক্তি পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততা রয়েছে। তাড়াহুড়া না করে, নিশ্চিন্তে ও নির্ভুলভাবে রিটার্ন দেওয়া ব্যবস্থা করতে আরও এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ব্যাংক হিসাব খোলার শুরুতেই টিআইএন বাধ্যতামূলক করার বার্তা নতুন গ্রাহকদের একটি অংশের কাছে নেতিবাচকভাবে পৌঁছাতে পারে। বিশেষ করে, যাঁদের আয় করযোগ্য নয়, কিন্তু নিরাপত্তার জন্য বা সামান্য সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে আসতে চান, তাঁদের মধ্যে অপ্রয়োজনীয় শঙ্কা তৈরি হতে পারে।
১ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা।
২ ঘণ্টা আগে
যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৯ ঘণ্টা আগে