বাংলাদেশে স্মার্টফোনভিত্তিক আর্থিক লেনদেনে নতুন এক দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বহুদিনের প্রত্যাশা পূরণ করে এবার আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট সেবা আগামী এক মাসের মধ্যেই দেশের বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ।
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর, বিশ্বজুড়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’ (Google Pay) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু হতে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যেই এই সেবা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তাদের কার্যক্রম শুরু করবে। এই সেবা চালুর মাধ্যমে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের হাতে থাকা ডিভাইসকেই একটি পূর্ণাঙ্গ ‘ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে ডেবিট বা ক্রেডিট কার্ড বহন করার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে যাবে।’
গুগল পে চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের ফোনকেই একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ওয়ালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে যাতায়াতের টিকিট থেকে শুরু করে দৈনন্দিন কেনাকাটা, সিনেমার টিকিট বা যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সমর্থিত লেনদেন—সবই হবে স্মার্টফোনেই। এতে করে ডেবিট বা ক্রেডিট কার্ড আলাদাভাবে বহনের প্রয়োজন অনেকটাই কমে যাবে।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের গ্রাহকেরা গুগল ওয়ালেট অ্যাপে তাদের বাংলাদেশি মুদ্রায় ইস্যু করা ভিসা ও মাস্টারকার্ড যুক্ত করতে পারবেন। এ সুবিধা ব্যবহার করে তারা এনএফসি সমর্থিত যেকোনো পেমেন্ট টার্মিনালে তাদের ফোন ছুঁয়ে লেনদেন সম্পন্ন করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ধাপে ধাপে আরও ব্যাংক এই সেবার সঙ্গে যুক্ত হবে, ফলে দেশের বড় জনগোষ্ঠী এই আধুনিক পেমেন্ট পদ্ধতির আওতায় আসবে।
এতদিন বাংলাদেশে গুগল পে চালু না হওয়ার পেছনে প্রধান কারণ ছিল ব্যাংকিং অবকাঠামোর সাথে প্রযুক্তিগত সমন্বয়ের অভাব। তবে শহরাঞ্চলে এনএফসি ও ডিজিটাল পেমেন্টের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ দিনে দিনে বেড়ে চলছিল। সেই প্রেক্ষাপটেই গুগল পে-এর আগমন এখন সময়োপযোগী এবং কাঙ্ক্ষিত পদক্ষেপ বলে মনে করছেন প্রযুক্তি ও ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা।
নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করছে গুগল পে। ব্যবহারকারীদের কোনো সংবেদনশীল তথ্য সরাসরি সংরক্ষণ করবে না গুগল ওয়ালেট। বরং, ব্যবহারকারীরা কেবল তাদের ব্যাংক কার্ড অ্যাপের সঙ্গে যুক্ত করবেন এবং সব লেনদেন প্রক্রিয়া ও নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে। সেবা চালুর আগে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে বলেও নিশ্চিত করেছে সূত্র।
গুগল পে চালু হওয়াকে দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এটি শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং নগদবিহীন লেনদেনের দিকে বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধ অবসান এবং হরমুজ প্রণালিতে আবার জাহাজ চলাচল শুরুর সম্ভাবনায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের স্বস্তি ফিরেছে। এর প্রভাবে আজ সোমবার অপরিশোধিত তেলের দাম মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
৭ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১৬ ঘণ্টা আগে