সিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাসুদুর রহমান বলেন, আলপনা খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন প্রসবব্যথা নিয়ে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে তিনি সিজার অপারেশনের মাধ্যমে এক পুত্রসন্তানের জন্ম দেন।
সেদিন বিকেলে নবজাতকটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যান আলপনা খাতুন। পরে পুলিশ শিশুটি উদ্ধারে অভিযান চালায়। রাতে কামারখন্দ উপজেলার আলোকদিয়া গ্রামের সোলায়মান হোসেনের বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুর পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত আলপনা খাতুনকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদণ্ডের রায় দেন।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৮ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে