Ajker Patrika

জ্বালানিমন্ত্রীকে ‘ইসলামবিদ্বেষী’ সম্বোধন

এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ১৭ মে ২০২৬, ১৮: ৩৮
এমপি আমির হামজার গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ
আমির হামজা। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।

মামলার বিবরণে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। একই দিনে আদালত তাঁর বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আজ আদালতে হাজির হওয়ার দিন ধার্য থাকলেও এ দিনও তিনি উপস্থিত হননি। এই অবস্থায় আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

আমির হামজার বিরুদ্ধে আদালতে মানহানির এ মামলা করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি হুমায়ূন কবির।

আদালতের আদেশের বিষয়ে পিপি শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার বলেন, আজ আমির হামজার আদালতে হাজির হওয়ার দিন ছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তাঁর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত