পদ্মায় তীব্র স্রোতের কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ভোর পাঁচটা থেকে মাঝিরঘাট-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। নদীর স্রোত কিছুটা নিয়ন্ত্রণে আসায় আজ সোমবার সকাল থেকে সীমিত পরিসরে এই রুটে পুনরায় যানবাহন পারাপার শুরু হয়েছে। মাঝিরঘাট ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন আহমেদ জানান, গত এক সপ্তাহ যাবৎ পদ্মায় পানি বাড়ছে। এতে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পানির চাপে নদীর তলদেশে ঘুর্ণন সৃষ্টি হয়েছে। স্রোতের বিপরীতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতে ফেরি নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে গত রাত পৌনে দশটায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাটে অপেক্ষমাণ যানবাহনকে বিকল্প সড়ক হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করতে অনুরোধ করা হয়।
ফেরিঘাটের ব্যবস্থাপক বলেন, সকালে স্রোত কিছুটা নিয়ন্ত্রণে আসায় দিনের আলোয় ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোর ৫টায় শিমুলিয়া থেকে ফেরি কুঞ্জলতা লোড করে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৬টার দিকে ফেরিটি মাঝিরঘাটে নোঙর করে। বর্তমানে এই ঘাটে থাকা ৭টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝিরঘাটে আটকা পড়েছে ২ শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ১ নম্বর ঘাটের পন্টুনের সামনে থেকে শরীয়তপুর-মাঝিরঘাট সড়কে প্রায় দেড় কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাতে ফেরি চলাচল বন্ধের ঘোষণায় ব্যক্তিগত যানবাহনের অধিকাংশ চালকেরা বিকল্প সড়কে চলে গেলেও রাতভর অপেক্ষা করতে দেখা গেছে পণ্যবাহী যানবাহনকে। রাতে বৃষ্টিতে ভিজে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীদের।
বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে পরিবারসহ মাঝিরঘাটে আটকা পড়া ইলিয়াস ঢালী বলেন, ‘গতকাল বিকেলে ঘাটে এসেছি। রাতে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ফেরি বন্ধ করে দেওয়া হয়। ওই রাতে পরিবার নিয়ে অন্য রুটে যাওয়ার সাহস পাইনি। সারা রাত রাস্তায় অপেক্ষায় থেকেছি। সকালে ফেরি চলাচল শুরু হলে ফেরিতে ওঠার সিরিয়াল পেয়েছি। সারা রাত পরিবার নিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে।’
শরীয়তপুরের গোসাইরহাট থেকে মাছ নিয়ে আটকা পড়া আকতার হোসেন বলেন, ‘সন্ধ্যায় ঘাটে আইয়া দেহি অনেক যানজট। তর ওপর রাইতে ফেরি বন্ধ কইরা রাখছিল। আগে জানলে এইহান দিয়া আইতাম না। সকালতোন আবার ফেরি চলতাছে। যেই যানজট তৈরি অইছে তাতে কখন সিরিয়াল পাই কইতে পারি না। তাড়াতাড়ি পার হইতে না পারলে মাছ সব নষ্ট হইয়া যাইব।’
সকালে মাঝিরঘাটে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে ফেরি বন্ধ থাকায় দীর্ঘ সড়ক জুড়ে যানবাহনের লাইন তৈরি হয়েছে। রাতে অনেক গাড়ি বিকল্প সড়কে চলে গেছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দুপুরের মধ্যে ঘাট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৩ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৭ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৬ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে