
রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা এই কেন্দ্রটি বর্তমানে অবহেলা ও অনিয়মের চিত্র বহন করছে।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আধা পাকা ভবনটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। দেয়ালে বড় বড় ফাটল দেখা গেছে, চারপাশও অপরিচ্ছন্ন। নেই কোনো সীমানা প্রাচীর। কেন্দ্রের বারান্দা ও আশপাশে গরু-ছাগল বেঁধে রাখা এবং কাঠ সংরক্ষণের দৃশ্যও দেখা গেছে। ফলে স্বাস্থ্যকেন্দ্রটির পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
চৈত্রকোল গ্রামের বাসিন্দা বুলু মিয়া বলেন, ‘অসুস্থ হলে এই কেন্দ্রেই আগে আসতাম। কিন্তু এখন এখানে চিকিৎসক নেই। অনেক সময় ওষুধও পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে দূরের হাসপাতালে যেতে হয়।’
স্থানীয় আরেক বাসিন্দা ফিলিপ লাকড়া বলেন, মাতৃসেবা বা জরুরি চিকিৎসার জন্য এই কেন্দ্রটি খুবই প্রয়োজনীয়। কিন্তু জনবল না থাকায় সঠিকভাবে সেবা পাওয়া যায় না। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।
নিয়ম অনুযায়ী এখানে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা, একজন মিডওয়াইফ, একজন ফার্মাসিস্ট ও একজন অফিস সহায়ক থাকার কথা। অথচ বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন ফার্মাসিস্ট। জনবল-সংকটের কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় বন্ধের মুখে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগী সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
উপস্বাস্থ্যকেন্দ্রের একমাত্র ফার্মাসিস্ট সোহেল রানা বলেন, জনবল-সংকট ও পরিবেশগত সমস্যার কারণে সেবাদান ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রটির সমস্যা সম্পর্কে আমরা অবগত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।’

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এদিকে গাড়িটির জ্বালানি ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিনসহ বিভিন্ন পাত্রে তুলে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
৩ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
৩ ঘণ্টা আগে