
রাফনাজ বিনতে রায়হান রাওজা এখন ১৬ মাস বয়সী শিশু। সে জানে না, তার বাবা আর নেই। বড় হয়ে সে আর ‘বাবা’ ডাকতে পারবে না। স্বামী হারিয়ে স্ত্রী রিফাত জাহান রিতু দিশেহারা। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতাও বাকরুদ্ধ।
২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার বাড্ডায় কোটাবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন রায়হানুল ইসলাম রায়হান (৩৫)। তিনি কুড়িগ্রামের উলিপুর পৌরসভার মুন্সিপাড়া এলাকার আব্দুর রশিদের একমাত্র সন্তান ছিলেন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিনে নিহত রায়হানের বাড়িতে গেলে তাঁর বাবা, মা ও স্ত্রীর সঙ্গে কথা হয়। রায়হানের কথা বলতে গিয়ে তাঁরা বারবার কান্নায় ভেঙে পড়েন। আশপাশের পরিবেশও ভারী হয়ে উঠেছিল শোক আর আবেগে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রায়হান এসএসসি পাসের পর ঢাকায় গিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়জীবন শেষ করেন। পরে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার পদে চাকরি শুরু করেন। পাঁচ বছর আগে রিফাত জাহান রিতুকে বিয়ে করেন। তাঁদের ১৬ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। মৃত্যুর আগে স্ত্রী ও নবজাতক সন্তানকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনাও করছিলেন তিনি।
রায়হানের পরিবার জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাড্ডা এলাকায় বের হলে তিনি পুলিশের গুলিতে আহত হন। একটি গুলি তাঁর ডান চোখের পাশে লেগে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেদিন রাত ১০টার দিকে তাঁর মরদেহ অ্যাম্বুলেন্সে করে উলিপুরের উদ্দেশে রওনা দেয় এবং ২০ জুলাই সকালে পৌঁছায়। উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজার পর রায়হানকে উলিপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
রায়হানের বাবা আব্দুর রশিদ বলেন, ‘ছেলের মৃত্যুর পর থেকে আর স্বাভাবিক জীবন কাটাতে পারছি না। রায়হানের মুখে “আব্বু” ডাক শুনি না বহুদিন। তার আয়ে চলত আমাদের ছোট পরিবার। এখন আমার সামান্য আয়ে কষ্ট করে চলছি। আমার নিরীহ ছেলেকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।’
রায়হানের মা রাহেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘তার মৃত্যুর এক ঘণ্টা আগেও আমার সঙ্গে কথা হয়েছে। প্রতিদিনই কথা হতো। এক বছর হয়ে গেল ছেলের মুখে ‘মা’ ডাক শুনি না। আমার বুকের ভেতরটা এখনো জ্বলছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’
স্ত্রী রিফাত জাহান রিতু বলেন, ‘আমার মেয়ে বড় হয়ে কাকে বাবা বলে ডাকবে? আমার স্বামী আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জীবন থামিয়ে দিয়েছে। যদি সরকার চাকরির ব্যবস্থা করে দিত, তাহলে আমি মেয়েকে নিয়ে বেঁচে থাকতে পারতাম। আমি চাই, যারা আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।”
রায়হানের মৃত্যুর পর জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জামায়াতে ইসলাম ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’ থেকে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে রায়হানের পরিবারকে সহায়তা করা হয়েছে। ভবিষ্যতে কোনো অনুদান এলে সেটিও দেওয়া হবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে