
রংপুর-সৈয়দপুর মহাসড়কে সংস্কারকাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের ব্যাপক অভিযোগ উঠেছে। ২৭ কোটি টাকার ১০ কিলোমিটার সড়ক উন্নয়নের এই প্রকল্পে অন্তত ৩৬৫ টন পাথর গায়েব করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজ। সেনাবাহিনীর অভিযানে অনিয়ম ধরা পড়লেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সড়ক বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রংপুর-সৈয়দপুর মহাসড়কের রংপুর মেডিকেল মোড় থেকে পাগলাপীর বাজার, তারাগঞ্জের শলেয়াশাহ বাজার থেকে বরাতি সেতু, তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারাগঞ্জ সেতু ও তকনাগঞ্জ বাজার থেকে চিকলি বাজার পর্যন্ত সড়কের ১৭ কিলোমিটার অংশ ডিবিএসটিসহ সংস্কার করতে গত ৪ ফেব্রুয়ারি ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৯৪৬ টাকায় কাজ পায় রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজ। ইতিমধ্যে ১০ কিলোমিটারের ডিবিএসটি শেষ হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
গত বুধবার বিকেলে লেফটেন্যান্ট নাজমুলের নেতৃত্বে রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন ৩৪ বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত একটি নিয়মিত টহল দল সিটি মোড় এলাকায় কাজ পর্যবেক্ষণ করে। এ সময় সন্দেহ হলে রাস্তার গঠন ও উপকরণ পরিমাপ করে অনিয়মের প্রমাণ পান তাঁরা।
প্রকল্প অনুযায়ী প্রতি বর্গমিটারে ২৩ কেজি পাথর দেওয়ার শর্ত থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ১৮ কেজি পাথর দিয়ে সংস্কারকাজ করছে। প্রতি বর্গমিটারে ৫ কেজি পাথর কম। হিসাব অনুযায়ী সংস্কারকাজ শেষ হওয়া ১০ কিলোমিটারে প্রায় ৩৬৫ টন পাথর দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়াও নিম্নমানের বিটুমিন ব্যবহার ও পরিমাণে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব প্রমাণ পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করেন ওই সেনা কর্মকর্তা।
সরেজমিনে দেখা গেছে, সেনাসদস্যরা একটি ট্রেতে সড়কে দেওয়া পাথর নিয়ে ঠিকাদার, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলীর সামনে পরিমাপ করেন। এ সময় পাথর কম পাওয়া যায়। তা ছাড়া সংস্কার শেষ হওয়া সড়কের অংশে নিম্নমানের কাজ হওয়ায় কোথাও কোথাও পাথর উঠে গেছে, ফাটল বেরিয়েছে, আবার কোথাও বড় গর্ত রয়েছে।
সিটি মোড় এলাকার বাসিন্দা জোনাব আলী বলেন, ‘কাজ খুবই খারাপ হচ্ছে। একদিকে পাথর দিচ্ছে, আরেক দিক দিয়ে উঠে যাচ্ছে। আমরা অভিযোগ করলেও কেউ কানে নেয়নি। সেনাবাহিনী ধরার পর প্রমাণ পাইছে। কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি।’
হাসানুর রহমান নামের আরেক বাসিন্দা বলেন, ‘সরকারি কর্মকর্তার সামনেই কাজ খারাপ করছে ঠিকাদার। কিন্তু কোনো কথা বললে তাঁরা রেগে যান। মনে হয়, তাঁরা মোটা অঙ্কের টাকা খাইছেন ঠিকাদারের কাছ থেকে।’
ঠিকাদারি প্রতিষ্ঠান ডন এন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান বলেন, ‘আমাদের প্রজেক্ট অনুযায়ী প্রতি বর্গমিটারে ২৩ কেজি পাথর দেওয়ার কথা ছিল। সেনাবাহিনী পরীক্ষা করার পর আমরা ১৮ কেজি পেয়েছি। সড়ক ও জনপথের প্রতিনিধিদের উপস্থিতিতে কাজ করছি। ৮০০ মিটারে ৫ কেজি পাথর কম হয়েছে। এটা আবার রিপেয়ার করে দেব।’
জানতে চাইলে সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘ডিজাইনে ছিল ২৩ কেজি, সেখানে ১৮ কেজি পেয়েছে। আমাদের দেখভাল করার লোক রয়েছে। যেহেতু দীর্ঘ এড়িয়া, তাই কমবেশি হতে পারে। সেটা অবশ্যই আমরা ঠিক করে দেব।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে