ফুটপাতে খিচুড়ি বিক্রি করে ছয়জনের সংসার চালান জাকিরুল ইসলাম মিঠু (৩৬)। এর পাশাপাশি সপ্তাহে এক দিন টাকা ছাড়াই ৫০ থেকে ৬০ জন ভিক্ষুককে একবেলা খিচুড়ি খাওয়ান। এর সঙ্গে থাকে ডিম ভাজি, আলু অথবা বেগুন ভর্তা।
২৮ বছর আগে ভিক্ষুকদের টাকা ছাড়াই খাওয়ানোর রেওয়াজ চালু করেছিলেন মিঠুর শ্বশুর এনায়েত খান আলম। ২০১৭ সালে তিনি মারা যান। এরপর শ্বশুরের ব্যবসাসহ সংসারের হাল ধরেন মিঠু। সেই থেকে পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে।
বগুড়া শহরের খোকন পার্কসংলগ্ন জেলা ডাকঘরের উত্তরের দেয়ালঘেঁষে ফুটপাতে মিঠুর দোকান। প্রতিদিন সকাল ৭টার মধ্যে বড় হাঁড়িতে করে বাড়ি থেকে রান্না করা খিচুড়ি নিয়ে আসেন বিক্রি করতে। রিকশাচালক ছাড়াও মূলত শ্রমজীবী মানুষই তাঁর দোকানের কাস্টমার।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিঠুর ফুটপাতের দোকানে খেতে আসেন শহরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন—এমন নারী ও পুরুষ। দোকানে আসা সবাইকে পর্যায়ক্রমে কাঠের বেঞ্চে বসিয়ে নিজ হাতে খাবার পরিবেশন করেন মিঠু।
তাঁর দোকানে প্রতি প্লেট খিচুড়ি ২০ টাকায় বিক্রি করা হয়। এর সঙ্গে ডিম খেতে চাইলে ২০ টাকা এবং ভর্তা নিতে চাইলে আরও ১০ টাকা দিতে হয়।
মিঠু জানান, তাঁর শ্বশুর এনায়েত খান আলম ফুটপাতে খিচুড়ি বিক্রি করতেন। সাত বছর আগে তিনি মারা যান। এরপর মিঠু শহরের বৃন্দাবনপাড়ায় নিজের বাড়ি ছেড়ে শহরতলির বড়িয়া গ্রামে বাস শুরু করে শ্বশুরের দোকান পরিচালনা করেন। শ্বশুর স্মৃতি ধরে রাখতে তিনিও চালু রেখেছেন ভিক্ষুকদের টাকা ছাড়াই খাওয়ানো। তাঁর পরিবারে স্ত্রী, দুই সন্তান এক শ্যালিকা এবং শাশুড়ি রয়েছেন।
মিঠুর দোকানে খেতে এসেছিলেন কাহালুর জামতলা গ্রামের খোবজান বেওয়া। তিনি জানান, ভিক্ষা করার ফাঁকে তাঁরা মিঠুর দোকানে টাকা ছাড়াই খিচুড়ি সঙ্গে ডিম ভাজি ও ভর্তা দিয়ে পেট পুরে খান।
সোনাতলার পাকুল্যা গ্রামের জরিনা বেওয়া জানান, তাঁর স্বামী মারা যাওয়ার পর ১২-১৩ বছর ধরে তিনি শহরে ভিক্ষা করেন। আগে মিঠুর শ্বশুর বেঁচে থাকতেও তিনি এই দোকানে খেয়েছেন। তখন মাঝেমধ্যে মাছ-মাংস থাকলেও এখন সব জিনিসের দাম বেশি হওয়ায় মাছ-মাংসের পরিবর্তে ডিম আর ভর্তা খাওয়াচ্ছেন বলে জানান মিঠুর দোকানে খেতে আসা ভিক্ষুকেরা।
মিঠু আজকের পত্রিকাকে জানান, প্রতি বৃহস্পতিবার বেলা আড়াইটার পর দোকানে বিক্রি বন্ধ করে দেন। ওই দিন ভিক্ষুকদের জন্য অতিরিক্ত ১০ কেজি চাল এবং ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসেন। সঙ্গে থাকে ডিম ভাজি, আলু বা বেগুন ভর্তা। এ ব্যবসা করে ছয়জনের সংসার চালানো কষ্ট হলেও ভিক্ষুকদের খাওয়ানো অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমি নিজেও গরিব মানুষ; এর মধ্যেই ভিক্ষুকদের খাওয়াতে পেরে মানসিক শান্তি পাই। পাশাপাশি আমার শ্বশুরের আত্মাও শান্তি পায়।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১০ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৪২ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে