
জয়পুরহাটে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশটির বাঁহাতের কবজির রগ কাটা ছিল। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত সৌরভ হোসেন (১৮) পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি এ বছর উপজেলার সড়াইল আদর্শ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান সৌরভ হোসেন। এরপর নিজের শোবার ঘরে ঘুমাতে যান তিনি। রাত ১০টার দিকে সৌরভের শোবার ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে মা দেখেন ছেলে নেই। এরপর সৌরভের মোবাইলে ফোন দেওয়া হলেও সে ধরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সৌরভের বাড়ির নিকটবর্তী ধানখেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সৌরভের বলে শনাক্ত করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
সৌরভের মা সামছুন্নাহার বলেন, ‘আমার ছেলেকে ধানখেতে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে এবং বাম হাতের রগ কেটে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে হত্যা করেছে, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি।’
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বেলা ৩টা পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। তবে এ বিষয়ে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
ওসি আরও বলেন, সৌরভের বাঁহাতের কবজির রগ কাটা ছিল। প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে; ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তা বলা যাবে না।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে