
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তানোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, তাঁদের তোপের মুখে সটকে পড়েন অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল ইসলাম।
জানা গেছে, এদিন শতাধিক গ্রাহক বিলের অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ নিয়ে অফিস চত্বরে জড়ো হন। ‘অতিরিক্ত বিল মানি না’, ‘দুর্নীতিবাজ কর্মকর্তার বিচার চাই’—এমন স্লোগান দিয়ে তাঁরা অফিস ঘেরাও করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসে কোনো কারণ ছাড়াই তাঁদের দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল এসেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। তাঁরা অবিলম্বে অতিরিক্ত বিল বাতিল, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বিল যাচাইয়ের সুযোগ ও ভোক্তাবান্ধব সেবা নিশ্চিত করার দাবি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা যখন বিদ্যুৎ অফিসে যান, তখন ডিজিএম আমিনুল ইসলাম সেখানে ছিলেন; কিন্তু পরে তাঁকে আর পাওয়া যায়নি।
স্থানীয় গ্রাহক মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত মাসে আমার বিল এসেছিল ৬৫০ টাকা, আর এ মাসে এসেছে ১ হাজার ৮৫০ টাকা। অথচ বিদ্যুৎ ব্যবহার বাড়েনি। তাহলে এত বিল এল কীভাবে?’ আরেক বাসিন্দা সালমা খাতুন বলেন, ‘এই অস্বাভাবিক বিলের বোঝা কীভাবে বইব? অফিসে গেলে কর্মকর্তারা অভিযোগ শুনতেই চান না, উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করেন।’
বিষয়টি নিয়ে ডিজিএম আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ‘এটি হয়তো মিটার রিডিং বা কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমান লিয়াকত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে