
লঘুদণ্ডে দায়মুক্তি পাওয়া সমাজসেবা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজের কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, সে বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দুদক জানিয়েছে, ড. আব্দুল্লা আল ফিরোজ আগে রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ছিলেন। ওই সময় তিনি নানা অনিয়ম-দুর্নীতি করেছেন বলে অভিযোগ পেয়েছে দুদক। অভিযোগ যাচাই-বাছাই শেষে গত বছরের ১১ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে ড. আব্দুল্লা আল ফিরোজের দুর্নীতি অনুসন্ধানের ছাড়পত্র দেওয়া হয়। পরে দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশারকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়।
এর আগে অধিদপ্তরের অভ্যন্তরীণ তদন্তেও জেলা সমাজসেবা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক ড. আব্দুল্লা আল ফিরোজের নানা অনিয়ম ধরা পড়ে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। ২০২০ সালের ৪ অক্টোবর এই কর্মকর্তাকে দুই বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের লঘুদণ্ড দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়। ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রকাশিত গেজেটে সমাজসেবা মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এই প্রজ্ঞাপনটি অন্তর্ভুক্ত রয়েছে।
ফিরোজের স্ত্রী জেসমিন আরা পারভিন, ছেলে জাহিদ বিন আব্দুল্লাহ, রাফিদ বিন আব্দুল্লাহ, মেয়ে ফাতেমা বিনতে আব্দুল্লাহ ও ফাতেহা বিনতে আব্দুল্লাহর নামে কোনো সম্পদ রয়েছে কি না, তারও অনুসন্ধান করছে দুদক। ইতিমধ্যে দুদক এই কর্মকর্তার সঙ্গে কথা বলেছে।
দুদকের অনুসন্ধানের বিষয়ে ড. আব্দুল্লা আল ফিরোজ বলেন, ‘যে কারও বিরুদ্ধে অনুসন্ধান চলতেই পারে। অনুসন্ধানাধীন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করার কিছু নেই।’ তিনি বলেন, ‘যখনই আমার পদোন্নতির বিষয়টা সামনে আসে, তখনই ষড়যন্ত্র করা হয়। কারণ, আমি পদোন্নতি পেলে অনেকের ডিডিগিরি থাকবে না। সে জন্য এসব ষড়যন্ত্র। কোনো অভিযোগই সত্য নয়।’
মন্ত্রণালয় থেকে লঘুদণ্ড দেওয়ার বিষয়ে ফিরোজ বলেন, ‘ওই বিষয়টাও সত্য নয়। লঘুদণ্ড দেওয়ার ওই আদেশের বিরুদ্ধে আমি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছি। আগামী এপ্রিল মাসে এই মামলার চূড়ান্ত শুনানি আছে। আমার সৎসাহস আছে বলেই তো মামলা করেছি।’
দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘দুদকের একজন সহকারী পরিচালকের দায়িত্বে ড. আব্দুল্লা আল ফিরোজের দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান পর্ব শেষ হলে বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে