
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য অপেক্ষাধীন থাকতে থাকতে শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রামেক হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করেন।
কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘রাজশাহীতে আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা..., আপনারা যেভাবে তুলে ধরেছেন, সেই মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কোনো মৃত্যুই কারও জন্য কোনোভাবেই কাম্য নয়। আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল।’
এর আগে ২৮ মার্চ আজকের পত্রিকায় ‘আইসিইউ না পেয়ে মরছে শিশু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। অনুসন্ধানে জানা যায়, রামেক হাসপাতালে শিশুদের জন্য মাত্র ১২টি আইসিইউ শয্যা আছে। এই আইসিইউতে একটি শয্যার জন্য সদ্য ভূমিষ্ঠ শিশুদের অপেক্ষায় থাকতে হয়। আইসিইউতে চিকিৎসাধীন কোনো শিশু মারা গেলে কিংবা কিছুটা সুস্থ হলে তাদের ডাক পড়ে। সিরিয়াল দিলে ৩০ থেকে ৫০ জনের পর শিশুদের আইসিইউতে নিতে ডাক আসে। এই অবস্থায় এখন শিশুদের সাধারণ অসুখের পাশাপাশি ছোঁয়াচে রোগ হামের প্রকোপ দেখা দিয়েছে। এতে আইসিইউর চাহিদা আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
১১ থেকে ২২ মার্চ পর্যন্ত আইসিইউর অপেক্ষায় থাকা ৩৩ শিশু মারা যায়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২৮ মার্চ এক অনুষ্ঠানে মন্তব্য করেন, ‘হাসপাতালের পরিচালক আমাদের জানাননি যে তাঁর কাছে ভেন্টিলেটর নেই। তাঁকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।’
মঙ্গলবার এই হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। তাঁরা সার্বিক বিষয় নিয়ে সকালে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউ পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সচিব।
স্বাস্থ্যসচিব জানান, ঢাকা থেকে বিভিন্ন সংস্থার সহযোগিতায় তাঁরা সাতটি ভেন্টিলেটর (কৃত্রিম শ্বাসযন্ত্র) এনেছেন। এগুলো পরিস্থিতি মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে বলে তাঁরা মনে করছেন। এর পাশাপাশি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত নয়—এমন শিশুদের আইসিইউ প্রয়োজন হলে তাঁরা রাজশাহী হার্ট ফাউন্ডেশনে পাঠানোরও পরিকল্পনা করেছেন। সেখানেও আইসিইউ সাপোর্ট পাওয়া যাবে।
এ ছাড়া রাজশাহী শিশু হাসপাতাল, সদর হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতালসহ যেসব হাসপাতালের অবকাঠামো আছে, সেগুলো সচল করার উদ্যোগ গ্রহণের পরিকল্পনার কথাও জানান সচিব। আর এ জন্য মঙ্গলবারই তিনি হাসপাতালগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।
কামরুজ্জামান চৌধুরী জানান, তিন মাসের মধ্যে আংশিকভাবে রাজশাহী শিশু হাসপাতাল চালু করব। সেখানে প্রথমে আউটডোর সেবা শুরু হবে এবং আগামী অর্থবছরে অন্য সেবাগুলোও চালু হবে।
সচিব বলেন, ‘বিগত সময়ে স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের কারণে হামের টিকা পায়নি শিশুরা। মায়েরা হয়তো যখন গেছে টিকা দিতে তখন স্বাস্থ্যকর্মীদের পায়নি। এ জন্য এর প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ইতিমধ্যে ক্রয় কমিটি ৬০৪ কোটি টাকা অনুমোদন করেছে টিকা কেনার জন্য। আমরা টাকাও দিয়ে দিয়েছি। দ্রুতই শিশুদের হামসহ প্রয়োজনীয় টিকা প্রয়োগ শুরু হবে।’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মহাদেবকে আটক করেছে পুলিশ, মাহবুব নামের আরেকজন পলাতক রয়েছেন। নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
২১ মিনিট আগে
রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
৩০ মিনিট আগে
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) কৃষিশ্রমিকদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ সময় শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরের সামনেও বিক্ষোভ
৩১ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে