
রাতের আঁধারে ধানখেতে ওষুধ ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে গিয়ে দেখা যায়, ধানের সব গাছ ঝলসে মাটিতে লুটিয়ে আছে। পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নে ৬ অক্টোবর রাতে গাড়িয়ানপাড়া সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটে। এক রাতেই নষ্ট হয়ে গেছে ১০ থেকে ১৫ বিঘা জমির ধানখেত। চোখের সামনে কষ্টের ফসল পুড়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র কৃষকেরা।
গাড়িয়ানপাড়ার আকতারা বেগম তাঁদেরই একজন। ধারদেনা করে ১০ কাঠা জমিতে আমন ধান চাষ করেছিলেন তিনি। ধানের শীষ বের হতে শুরু করেছিল—আর এক-দেড় মাস পরেই কাটার সময়। কিন্তু হঠাৎ এক রাতে সব শেষ। চোখ ভেজা কণ্ঠে আকতারা বলেন, ‘ধারদেনা করে ধান লাগাইছিলাম। স্বামী নাই, একা মানুষ। সার দিছি, কীটনাশক দিছি, যত্ন করছি—এখন দেখি সব মরে গেছে। এখন আমি কী খামু? আমার বাচ্চাগুলারে কে খাওয়াবে?’ শুধু আকতারা নন, আরও অনেকে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের আঁধারে কেউ ধানের খেতে ওষুধ ছিটিয়ে গেছে। এতে অনেকের ফসল এক রাতেই জ্বলে গেছে।
সকালে দেখা যায়, জমির সবুজ ধানগাছের পাতা হলুদ হয়ে নুইয়ে পড়েছে। রেখা বেগম বলেন, ‘এক লাখ টাকা ধার কইরা ১০ কাঠা জমি বন্ধক নিছিলাম। ধান বিক্রি করে টাকা শোধ করব ভাবছিলাম। এখন সব শেষ। তিনটা বাচ্চা আছে, খাওয়াব কী দিয়া?’
আরেক চাষি রুবেল ইসলাম বলেন, ‘আমার দেড় বিঘা জমির ধান মরে গেছে। যে রাস্তা দিয়ে ওরা গেছে, সেই রাস্তার ঘাসও মরে গেছে। এটা কোনো মানুষের কাজ না।’
স্থানীয় কৃষক জাহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ করিনি। তবে বিষয়টি বিজিবি জানে।’

গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, রাতের আঁধারে কে বা কারা কয়েকজন দরিদ্র কৃষকের ধানখেতে ওষুধ ছিটিয়ে দিয়েছে। এতে চাষিদের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান মোবাইল ফোনে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।’
পঞ্চগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘ঘটনাটি সীমান্তে ঘটেছে। বিষয়টি আমি জানি না। গতকাল রোববার সীমান্তের ঘটনা সম্পর্কে বিজিবির সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠক হয়েছে। বিজিবি এ বিষয়ে কিছুই জানায়নি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে