
নাটোরের বড়াইগ্রামে আম পাড়তে গিয়ে হত্যার হুমকির মুখে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবদুল খালেক (৬৫) নামে জামায়াতে ইসলামীর এক সক্রিয় কর্মীকে শনিবার গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আবদুল খালেক বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামের বাসিন্দা। তিনি কৃষি সম্প্রসারণ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী।
আবদুল খালেক দাবি করেন, উপজেলার কায়েমকোলা মৌজার সাতটি দাগে তাঁর ১৯ বিঘা জমি রয়েছে, যেখানে তিনি বহু বছর ধরে আম ও লিচুর বাগান করেছেন। গত ৫ আগস্টের পর তাঁর দূর সম্পর্কের স্বজনেরা ওই বাগান দখলের চেষ্টা চালান।
অভিযোগকারী আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার সকালে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে বাগানে আম পাড়তে যান। এ সময় আবদুল খালেক, আবদুল মালেক, পলাশ, সাত্তারসহ ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান এবং হত্যার হুমকি দিয়ে বাগান থেকে বের করে দেন। পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে আবদুল খালেককে আটক করা হয়।
রোববার কায়েমকোলা গ্রামে গিয়ে দেখা যায়, রাজ্জাকের দাবি করা বাগানে সারি সারি আমগাছ রয়েছে এবং আমগুলো পরিপক্ব হয়ে রং ধরেছে। বাগানে ঘাস কাটতে আসা স্থানীয় নারী মরিয়ম বলেন, ‘রাজ্জাকেরা এই আমবাগান করেছে। তবে গত আট মাস ধরে পলাশরা এই বাগান দখলের চেষ্টা করছে।’
আবদুর রাজ্জাক আরও বলেন, ‘আমি সরকারি চাকরি থেকে অবসরে এসেছি, আমার ছেলেও সরকারি চাকরিজীবী। ৫ আগস্টের পর জামায়াতের কর্মী আবদুল মালিকেরা আমার বাগান ও পুকুর দখলের চেষ্টা শুরু করে। শুক্রবার সকালে আমার গলায় হাঁসুয়া ধরে আম পাড়তে বাধা দেয়। আমি আমার হাতে লাগানো গাছের আম খেতে পারছি না। আমি ন্যায়বিচার চাই।’
অভিযুক্ত আবদুল মালেক বলেন, তিনি জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সেক্রেটারি এবং গ্রেপ্তার আবদুল খালেক তাঁর ভাই। তাঁদের পূর্বপুরুষদের নামে জমিগুলো থাকলেও এসএ ও আরএস খতিয়ানে নাম ওঠেনি। তাই তাঁরা আদালতে মামলা করেছেন। মামলা নিষ্পত্তির আগেই রাজ্জাক আম পাড়তে গেলে বাগ্বিতণ্ডা হয়। অথচ মিথ্যা অভিযোগে তাঁর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ‘এটি একটি পারিবারিক বিষয়, জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে