
নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে ১১টি ইটভাটা। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকও। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণও। তা ছাড়া ঘনবসতি এলাকা ও কৃষিজমির মধ্যে এসব ইটভাটা স্থাপনের কারণে নির্গত কালো ধোঁয়ায় কৃষি আবাদসহ ফলদ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এসব বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দুই ও তিন ফসলি কৃষি জমিতে গড়ে ওঠা এসব ইটভাটার কারণে ৪৫ হেক্টরের বেশি পরিমাণ কৃষিজমি উজাড় হয়েছে। প্রতিটি ইটভাটা গড়ে ২৭-৩০ বিঘা কৃষিজমি ব্যবহার করছে। ফলে প্রায় ৭০০ টন ধানের আবাদ কমেছে। এসব ধানের আর্থিক মূল্য গড়ে প্রায় ১ কোটি টাকা। অথচ এসব জমিতে বছরে দুবার করে ধানসহ পাট, সরিষা ও সবজি আবাদ হতো। এখন ইটভাটার নির্গত কালো ধোঁয়ার কারণে আশপাশের খেতের ফসল এবং ফলদ উদ্ভিদের ক্ষতি হচ্ছে।
ইটভাটার মালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না বলেও জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়ায় ৫টি, মশিন্দা ইউনিয়নের সাহাপুরে ৩টি ও ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ ও হাজিরহাটে ২টি, নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে ১টিসহ মোট ১১টি ইটভাটা গড়ে উঠেছে। পাঁচ বছরের বেশি সময় আগে এসব ইটভাটার নবায়নের মেয়াদ শেষ হয়েছে।
পরিবেশ আইন, ২০১৩-এ বলা আছে, আপাতত বলবৎ কোনো আইনে যা কিছু থাক না কেন, ছাড়পত্র থাকুক বা না থাকুক—আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদরে ইটভাটা স্থাপন করা যাবে না। এ ছাড়া কৃষিজমি, পরিবেশগত সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না।
এ দিকে ইট প্রস্তুতের জন্য কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা গেছে, সবগুলো ইটভাটাই ঘনবসতিপূর্ণ এলাকার কৃষিজমির মাঝে গড়ে তোলা হয়েছে। কাঁচা ইটের জন্য পাহাড়সমান উঁচু করে মাটি রাখা হয়েছে। এই মাটি দিয়ে কাঁচা ইট প্রস্তুত করছেন শ্রমিকেরা। কয়লার পাশাপাশি খড়িও স্তূপ করে রাখা হয়েছে ইটভাটাগুলোয়।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের দাবি, তাঁর দুটির মধ্যে একটি এবং শ্যামপুরের একটিসহ মোট দুটি ভাটার লাইসেন্স নবায়ন রয়েছে। অন্যগুলো কীভাবে চলছে, জানা নেই তাঁর। তবে কাঠ পোড়ানোর অভিযোগটি সত্য নয় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে