
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার আত্রাই নদের শীবগঞ্জ-গোপীনাথপুর বাজার এলাকায় ২৫৯ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ শুরু হয় ২০২১ সালের মার্চ মাসে। সেতুটি নির্মাণের ব্যয় ধরা হয় ৩০ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা। কাজ পায় ঢাকার ম্যাক্স ইনফাস্ট্রাকচার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের আগস্টে। কিন্তু নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় মেয়াদ বাড়ানো হলেও সেতুর পূর্ব পাশে ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কটি এক বছরেও চালু করা হয়নি।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর নির্মাণ এলাকার পূর্ব পাশে উত্তরগ্রাম ইউনিয়ন ও পশ্চিম পাশে চান্দাশ ইউনিয়ন। উপজেলা সদর থেকে প্রায় ৪ কিলোমিটার দক্ষিণে নদের পূর্ব পাশে শীবগঞ্জ বাজার এবং পশ্চিম পাশে গোপীনাথপুরে ছোট বাজারে একটি খেয়াঘাট রয়েছে।
শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো এবং বর্ষায় নৌকা দিয়ে পারাপার হতে হয় জেলার মান্দা, পত্নীতলা ও পোরশা উপজেলার বাসিন্দাদের। প্রতিদিন এ খেয়াঘাট দিয়ে শিক্ষার্থীসহ অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ পারাপার হন। শুষ্ক মৌসুমে তেমন ঝুঁকি না থাকলেও বর্ষায় ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয়। এ কারণে এলাকাবাসীকে দুর্ভোগে পড়ত হতো। দুর্ভোগ কমাতে নদের ওপর সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না হওযায় এক বছর ধরে সেতুর দুই পাশে বেড়া দিয়ে মুখ বন্ধ রাখায় বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে।
গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সালমান ফারসি বলেন, ‘বর্ষায় নদ পার হতে নৌকার জন্য ৩০ মিনিটের মতো অপেক্ষা করতে হয়। নদী পার হয়ে ওপারে ছেলেমেয়েদের পড়াশোনাও কষ্টকর হয়ে পড়েছে। বর্ষার সময় নদে ভরপুর পানি থাকলে নৌকা পারাপারে ভয়াবহ অবস্থা হয়। সেতুটি চালু হলে সবার জন্যই সুবিধা হতে এবং আমাদের দীর্ঘদিনের কষ্ট দূর হতো।’
কাঞ্চন গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘গত প্রায় ৫০ বছর থেকে এ খেয়াঘাট দিয়ে কখনো নৌকায়, কখনো বাঁশের সাঁকোতে পারাপার হতে হয়। একটি সেতু নির্মাণ হয়েছে; কিন্তু আমরা এখনো চলাচল করতে পারছি না। বাধ্য হয়ে বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে।’
মান্দার সতিহাট গ্রামের আক্কাস আলী বলেন, ‘মেয়েকে বিয়ে দেওয়ার সুবাদে এ খেয়াঘাট দিয়ে প্রায় ২০ বছর থেকে চলাচল করতে হচ্ছে।’
খেয়াঘাটের মালিক বিদ্যুৎ হোসেন বলেন, ‘এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ পারাপার হন। এ স্থানে একটি সেতু হবে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেতু নির্মাণ হয়েছে; কিন্তু এখনো চলাচলের উপযোগী হয়নি।’
জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মজিদ বলেন, ‘অনেক আগেই আমাদের সেতুর কাজ শেষ হয়েছে। তবে পূর্ব পাশে ভূমি জটিলতায় সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় সেতু দিয়ে চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।’
এ বিষয়ে নওগাঁ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, ‘জমি অধিগ্রহণ জটিলতায় সেতুর সংযোগ সড়কের কাজটি থেমে রয়েছে। এ কারণে চলাচল বন্ধ রয়েছে। তবে দ্রুত এ সমস্যার সমাধান হবে এবং সেতুটি চলাচলের উপযোগী করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে