
নওগাঁয় হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। এক সপ্তাহ আগেও যেসব বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়, সেখানে এখন তা বিক্রি হচ্ছে ২৪০ টাকা পর্যন্ত।
আজ শুক্রবার সকালে জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, টানা বর্ষণের কারণে জমিতে পানি জমে মরিচগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা জমি থেকে মরিচ তুলতে পারছেন না। ফলে বাজারে সরবরাহ কমে গেছে, আর তাতেই দাম বেড়েছে কয়েক গুণ। খুচরা সবজি বাজারের বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘গত সপ্তাহেও আমরা মরিচ বিক্রি করেছি ৩০-৪০ টাকায়। আজ সকালে পাইকারি বাজার থেকে কিনেছি ২০০ টাকা কেজি দরে। তাই খুচরায় ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি করছি।’
হঠাৎ করে মরিচের এমন মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। অনেকেই প্রয়োজনের তুলনায় কম মরিচ কিনছেন। কেউ কেউ বিকল্প হিসেবে শুকনো মরিচ বা ঝাঁজ কমিয়ে রান্নার ব্যবস্থা করছেন।
সিও অফিস বাজারে বেসরকারি চাকরিজীবী মাসুদ রানা বলেন, ‘এক সপ্তাহ আগেই ৩০ টাকায় যেটা কিনেছি, আজ সেটা কিনতে হচ্ছে ২৪০ টাকায়। গতকাল ১২০ টাকায় এনেছিলাম, আজ তার দ্বিগুণ। এই বাজারে কাল হয়তো ৩০০ টাকাও ছাড়িয়ে যাবে।’ আরেক ক্রেতা ফিরোজ হোসেন বলেন, ‘বর্ষার অজুহাতে দাম বাড়ানো হয়েছে। অথচ এমন পরিস্থিতি হয়নি যে বাজারে মরিচই পাওয়া যাচ্ছে না। মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।’
এদিকে চাষিরা বলছেন, মাঠে মরিচ থাকলেও লাগাতার বৃষ্টির কারণে তুলতে পারছেন না তাঁরা। অনেক জমিতে গাছ নষ্ট হয়ে গেছে, ফলে ফলনও কমে গেছে। দাম বাড়লেও অধিকাংশ কৃষকের তাতে কোনো লাভ হচ্ছে না। সদর উপজেলার চক আতিতা গ্রামের চাষি রাসেল হোসেন বলেন, ‘সপ্তাহখানেক আগেও হাটে মরিচ বিক্রি করেছি ১০-১৫ টাকায়। তখন শ্রমিকের মজুরি উঠত না। এখন গাছ নষ্ট হয়ে গেছে, তুলতে পারছি না। ফলনও কমেছে। মোটাদাগে কৃষকের কোনো লাভ নেই।’ আরেক চাষি সাইফুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে জমি জলাবদ্ধ হয়ে গেছে, অনেক খেতই ক্ষতিগ্রস্ত। মাঠে মরিচ আছে, কিন্তু তুলতে পারছি না। শহরে দাম বাড়লেও সেই টাকা কৃষকের ঘরে পৌঁছায় না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৯৬৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। টানা বৃষ্টির কারণে কিছু এলাকায় গাছ নষ্ট হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে নয়। এ বিষয়ে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, বৃষ্টিতে কিছু এলাকায় মরিচগাছের ক্ষতি হয়েছে। বাজারে এখন যেহেতু দাম বেশি, তাই যাঁরা মরিচ তুলতে পারছেন, তাঁরা ভালো দাম পাচ্ছেন—ফলে কৃষকেরা লাভবান হচ্ছেন।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৩৯ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে