
মানিকগঞ্জ সদর উপজেলায় সাত বছর বয়সী শিশু আতিকা আক্তার হত্যা মামলার প্রধান আসামি এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে শিশু আতিকার মৃত্যুকে কেন্দ্র করে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি।
শিশুটির মা আরিফা আক্তার বাদী হয়ে আজ শনিবার দুপুরে সদর থানায় হত্যা মামলা করেছেন। এতে নাঈমসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন গ্রেপ্তার কিশোরের বাবা পান্নু মিয়া, চাচা ফজলু মিয়া, ভাই নাজমুল হোসেন এবং একই গ্রামের রনি (২২)। তাঁদের মধ্যে পান্নু মিয়া ও ফজলু মিয়া সংঘবদ্ধ পিটুনিতে নিহত হয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার কিশোর সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া গত বৃহস্পতিবার রাতে পিটুনিতে নিহত হয়েছেন। এ ছাড়া কিশোরটির ভাই নাজমুল হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় আতিকা। পরিবারের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক শিশুর তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে প্রধান আসামি করা কিশোরকে শনাক্ত করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ওই রাতেই বাড়ির পাশের একটি ভুট্টাখেত থেকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা কিশোরটির বড় ভাই নাজমুলকে আটক করে এবং পরে তার বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়াকে ডেকে এনে মারধর করে। রাত ১১টার দিকে পিটুনিতে পান্নু ও ফজলুর মৃত্যু হয়। গুরুতর আহত নাজমুলকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার ময়নাতদন্ত শেষে আতিকা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। একই দিন পান্নু ও ফজলুর মরদেহও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কিশোর আদালতে তোলা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
একই ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যার বিষয়ে থানায় কেউ মামলা করেননি বলে জানান সারওয়ার আলম। তিনি বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে