নিম্নচাপের প্রভাবে কুষ্টিয়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ নিয়ে গেল ৪৮ ঘণ্টায় ২৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক মো. আল আমিন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিম্নচাপের প্রভাবে গত শুক্রবার রাতে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার বিকেলে রূপ নেয় ভারী বৃষ্টিপাতে। পরে ওই দিন মধ্যরাত থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত দমকা জড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়।’
আবহাওয়া পর্যবেক্ষক মো. আল আমিন বলেন, ‘এর আগে ২০১৮ সালে ৭৯ মিলিমিটার, ২০১৯ সালে ৪৪,২০২০ সালে ৪৯,২০২১ সালের জুন মাসে ১০৫,২০২২ সালে ৬৪ ও ২০২৩ সালে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’
বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও জড়ো হাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী, খামারিসহ নিম্ন–মধ্যম আয়ের মানুষেরা। জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের ফসল, ভেসে গেছে পুকুর। ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা।
আজ কুমারখালীর যদুবয়রা, পান্টি, চাঁদপুর, সদকী, জগন্নাথপুর ইউনিয়ন ও পৌর এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
সদকী ইউনিয়নের গড়েরমাঠ এলাকায় প্রায় ২২ বিঘা জমির পুকুরে মাছ এবং পুকুরপাড়ে সবজি চাষাবাদ করেন খামারি সুজন আলী পলাশ। তিনি বলেন, ‘মাস দুই পরেই প্রায় ৩০ লাখ টাকার মাছ বিক্রির প্রত্যাশা ছিল তার। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুর ভেসে গেছে। লাউ ও ঝিঙে সবজি নষ্ট হয়েছে। মাছ ও সবজিতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল গনি বলেন, ‘ভারী বৃষ্টির সঙ্গে বয়েছে দমকা হাওয়া। গত রোববার হাটে মাত্র দুইটি গরু এসেছিল। তাও বিক্রি হয়নি।’
অটোচালক সাগর হোসেন বলেন, ‘প্রতিদিন প্রায় ৭০০-৮০০ টাকা ভাড়া হয়। সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। পথেঘাটে তেমন মানুষ নেই। মাত্র ১১০ টাকা আয় হয়েছে।’
এদিকে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও জড়ো হাওয়ায় ৫০ হেক্টর জমির রোপা আমন, ৩০ হেক্টর মাস কালাই, ৬০ হেক্টর সবজি ও ৬০ হেক্টর জমির কলা খেতের আংশিক ক্ষতি হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারী বৃষ্টির কারণে কিছু গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে। তবে বিভিন্ন ফসলের মাঠে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। তা নিরসনের চেষ্টা চলছে।’

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৩১ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে