
সকালের রোদে জমিতে দাঁড়িয়ে খাগড়াছড়ির রামগড়ের কৃষক আফসার উদ্দীন; সামনে পানিতে ডুবে আছে সবুজ ধানের চারা, কিন্তু মুখে নেই কোনো আনন্দ। কথা হয় তাঁর সঙ্গে। ক্লান্ত কণ্ঠে তিনি আজকের পত্রিকার এ প্রতিবেদককে বললেন, ‘সামান্য বৃষ্টি হলেই জমি তলিয়ে যায়। বছরে তিনবার চারা রোপণ করেছি, কিন্তু একবারও ঘরে তুলতে পারিনি ধান। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মরব।’ তিনি বলেন, ‘আমরা ধান চাষ করব নাকি পানিতে মাছ ধরব, সেটাই এখন বুঝতে পারছি না।’
খোঁজ নিয়ে জানা গেছে, রামগড় পৌরসভার চৌধুরীপাড়া, পাইন্দাপাড়া, শম্প্রুপাড়া, মহামুনি, দারোগাপাড়া, পৌরসভা এলাকা ও সোনাইপুলে এক হাজার কানির (১ হাজার ২০০ বিঘা) বেশি ধানিজমি রয়েছে। এখানেই উপজেলায় সবচেয়ে বেশি ধান চাষ হয়। কিন্তু বছরের পর বছর সেই ধানখেত পানির নিচে তলিয়ে যাচ্ছে। কৃষকেরা পরিশ্রম করেও পাচ্ছেন না প্রাপ্য ফসল। এই দুর্ভোগের মূল কারণ তৈছালা খাল।
জানা যায়, একসময় এলাকাবাসীর জীবন রক্ষাকারী খাল বলে পরিচিত ছিল এটি। কিন্তু এখন তা মৃতপ্রায়।
সরেজমিন দেখা গেছে, সরু হয়ে যাওয়া তৈছালা খালের দুই পাড়ে বাঁশঝাড়, ব্যক্তিগত স্থাপনা আর আবর্জনার স্তূপ। ফলে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অল্প বৃষ্টিতেই খালের পানি জমিতে ঢুকে ধানখেত তলিয়ে দিচ্ছে।
কৃষকেরা জানান, খালটি অবরুদ্ধ হয়ে ধানের চারা ডুবে যাচ্ছে। নষ্ট হচ্ছে ফসল। বাঁশঝাড় আর স্থাপনার কারণে পানি সরতে পারে না। সামান্য বৃষ্টি হলেই ফসল ডুবে যায়।
এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন ক্ষুদ্র কৃষকেরা। কেউ কেউ এনজিও বা ব্যাংক থেকে কিস্তিতে ঋণ নিয়ে জমি চাষ করেন। কিন্তু ফসল না হওয়ায় সেই ঋণই হয়ে দাঁড়াচ্ছে নতুন বোঝা।
একজন কৃষক দিশেহারা কণ্ঠে বলেন, ‘কিস্তি তুলে ধান চাষ করেছি। কিন্তু এ পর্যন্ত তিনবার বৃষ্টির পানিতে ফসল নষ্ট হয়েছে। এখন বুঝতে পারছি না, কিস্তির টাকা কীভাবে শোধ করব আর সংসারই কীভাবে চালাব।’
স্থানীয় কৃষক রাপ্রু মারমা বলেন, পুরো উপজেলায় সবচেয়ে বেশি ধান হয় এই এলাকায়। কিন্তু একটি মাত্র খাল তৈছালা। সেটিও অবরুদ্ধ। বাঁশঝাড় আর স্থাপনার কারণে পানি যেতে পারে না। তাই সামান্য বৃষ্টিতেই ফসল ডুবে যায়।
জানা যায়, তৈছালা খালের সর্বশেষ সংস্কার হয়েছিল ১৯৮১ সালে। স্থানীয়রা বলেন, রামগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী রহুল আমিনের তত্ত্বাবধানে সর্বশেষ সংস্কার হয়েছে খালটি। তারপর চার দশকের বেশি সময় কেটে গেছে। আর কোনো সংস্কার হয়নি। আজ সেই অবহেলার মাশুল দিচ্ছেন হাজারো কৃষক।
এ বিষয়ে উপজেলায় সদ্য যোগদান করা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সরেজমিন জমিগুলো পরিদর্শন করেছি।’ তিনি বলেন, কৃষকেরা সত্যিই অনেক কষ্টে আছেন। এখনো শত কানির বেশি জমি পানির নিচে।
এ কর্মকর্তা বলেন, ‘মূলত খাল সংস্কার না করায় এ ধরনের সমস্যা হচ্ছে। তৈছালা খাল সংস্কার করা গেলে এর অনেকটা সমাধান হবে। কৃষকদের আবেদন করতে বলা হয়েছে। তাঁরা আবেদন করলে এ বিষয়ে আমরা সর্বোচ্চ সহায়তা করব।’
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, বিষয়টি যাচাই করে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে