
জয়পুরহাটে মঞ্জিলা ওরফে মুরশিদা হত্যার দায়ে ২৩ বছর পর এক নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা ২টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. নুর ইসলাম এই রায় ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
সাজা পাওয়া আসামিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আমজাদ হোসেন (৬০), আতাউর রহমান (৬৫) ও তাঁর স্ত্রী মেরিনা বেগম (৫০)।
মামলা থেকে জানা গেছে, মঞ্জিলা ওরফে মুরশিদা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আজরা সিধুইল গ্রামের মৃত মোকছেদ আলীর মেয়ে। তাঁর সৎ মা আনোয়ারা বেগমের খালাতো ভাই হলেন আতাউর রহমান। মঞ্জিলার বাবা মোকছেদ আলী মারা যাওয়ার পর তাঁর জমিজমা ভাগ হয়। ওই সময় মঞ্জিলার ভাগে পড়ে ১৮ হাজার টাকা। সেই টাকা আত্মসাতের জন্য আতাউর কূটকৌশলের আশ্রয় নেন। তিনি মঞ্জিলাকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার প্রলোভন দেখান।
২০০০ সালের ১১ মে মঞ্জিলাকে নিজের বাড়িতে নিয়ে যান আতাউর। এরপর তিনি ও তাঁর স্ত্রী মেরিনা, আব্দুল বারীক, হিরা ও আমজাদ হোসেন মিলে ওই বছরের ১২ মে মঞ্জিলাকে হত্যা করার গোপন বৈঠক করেন। ওই দিন বিকেলে তাঁরা মঞ্জিলাকে মারধর করে হত্যা করেন। পরে আসামিরা মঞ্জিলার মুখে বিষ ঢেলে দিয়ে এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে প্রচার করেন বলে মামলা থেকে জানা গেছে।
মঞ্জিলার মৃত্যুর ঘটনায় তাঁর মা খালেদা বেওয়া বাদী হয়ে ২০০০ সালের ১৪ মে পাঁচবিবি থানায় তিনজনের নামে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আজ বেলা ২টার দিকে এই রায় দেন আদালত।
এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজুর রহমান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে