Ajker Patrika

পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২৬, ২০: ২৪
পল্লবীতে শিশু হত্যায় আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
অনুষ্ঠানে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পল্লবীতে শিশু হত্যার বিচারকার্যে আদালতের কাছে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। আমাদের কাছে যে তথ্য-প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমাদের প্রত্যাশা।’

আজ রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদের জানিয়েছে, তারা পরে সিদ্ধান্ত জানাবে। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়।’

মন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। এটা আমাদের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।

উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত