
জামালপুরের ইসলামপুরে মামলা ছাড়াই মো. জামির উদ্দিন (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। পরে তিনি অসুস্থ হয়ে যাওয়ায় তাঁকে ঢাকার শ্যামলীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছিরের তত্ত্বাবধানে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ বাজার থেকে তাঁকে আটক করে পুলিশ। আটক জামির উদ্দিন পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সিরাজাবাদ বাজার থেকে জামির উদ্দিনকে আটক করে। এ সময় জামির উদ্দিন ভীষণ অসুস্থ ছিলেন। বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবগত করে। কিন্তু স্থানীয়দের কথা তোয়াক্কা না করে জামির উদ্দিনকে সরকারি পিকআপে থানায় নিয়ে যান এসআই হাবিবুর রহমান। পরে অবস্থা বেগতিক দেখে রাত ১০টার দিকে পুলিশ জামির উদ্দিনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। রাতেই তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান পুলিশ। গতকাল রোববার দুপুরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
এ বিষয়ে এসআই মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি জানি না। এ ছাড়া আমি কাউকে আটকও করিনি।’
জামির উদ্দিনের জামাতা ফরহাদ হোসেন বলেন, ‘আমার শ্বশুর প্রায় ১৫ বছর ধরে শ্বাসকষ্ট, ব্যথা ও হার্টের জটিলতাসহ নানা রোগে আক্রান্ত। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সেটাও জানায়নি পুলিশ। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। বর্তমানে পুলিশ পাহারায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তাঁর চিকিৎসা চলছে।’
ইসলামপুর থানার এএসআই মো. নাছির বলেন, ‘জামির উদ্দিনকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। তাঁকে দেখভালে পরিবারের লোকজন রয়েছে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, ‘জামির উদ্দিনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে আটকও করা হয়নি। তবে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়। শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে।’
তবে কী কারণে তাঁকে থানায় আনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি ওসি।
এ বিষয়ে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, ‘জামির উদ্দিন নামে এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে