Ajker Patrika

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ
জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কয়েকটি স্থানে ‘টর্চার সেল’ গড়ে ওঠার অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। আজ রোববার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ``গাজীপুরের অন্তত ৩ থেকে ৪টি জায়গায় বর্তমানে টর্চার সেল গড়ে উঠেছে। এটা আমাদের কাম্য নয়।" কারা এসব সেল গড়ে তুলেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারদলীয় কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সংসদ সদস্য।

অপরাধীদের নির্ভুল তালিকা প্রণয়ন করে তাদের দ্রুত আইনের আওতায় আনার কথাও বলেন সংসদ সদস্য।

অপরাধী ধরতে গিয়ে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকে সতর্ক করেন মুজিবুর রহমান। একই সঙ্গে চুরি ও ছিনতাই রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল আরও জোরদারের তাগিদ দেন।

সংসদ সদস্যের অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশ বিভাগকে নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্যান্য দিক তুলে ধরে জেলা প্রশাসক বলেন, মহানগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি চুরির ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। জেলায় ক্রমবর্ধমান আত্মহত্যার প্রবণতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত