
গাজীপুরের শ্রীপুরে অগ্রিম বেতন, ঈদের ছুটি বৃদ্ধি ও কারখানার কিছু কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কারখানায় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় মিতালী গ্রুপের কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকেরা জানান, ঈদকে সামনে রেখে এক মাসের বেতন অগ্রিম প্রদান এবং ১১ দিনের ছুটির দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। পরে তাঁরা কারখানার ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কারখানার নারী শ্রমিক আমেনা আক্তার বলেন, ‘আমাদের দাবি ছিল ঈদের আগে বেতন অগ্রিম দেওয়া হোক। কিন্তু মালিকপক্ষ তা মানেনি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, পরে পুলিশ আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অনেক শ্রমিক আহত হয়েছেন।’
আরেক শ্রমিক বিল্লাল হোসেন বলেন, ‘হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়। ঈদের আগে বেতন-ছুটির দাবিতে আমরা আন্দোলন করছিলাম।’
তবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
কেএসএস নিট কম্পোজিট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঈদের আগে ২০ দিনের অগ্রিম বেতন ও ১০ দিনের ছুটি দেওয়া হবে। কিন্তু শ্রমিকেরা তা না মেনে অযৌক্তিক দাবিতে কারখানায় ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।’
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘কারখানায় থানা ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি সাউন্ড গ্রেনেড ও চারটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে