
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদের দাবিদার দুই শিক্ষকের দ্বন্দ্বের জেরে মারধরের ঘটনা ঘটেছে। দুজন শিক্ষকই মারধরের শিকার হয়েছেন। সর্বশেষ গতকাল বুধবার স্কুল চলাকালে শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ মিয়া।
এর আগে, গত মঙ্গলবার লাঞ্ছিত হন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পদের দাবিদার মো. আবু রায়হান মিয়া। তাঁরা দুজনেই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
তবে একে-অপরকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেছেন গুরুতর আহত দুজনই।
এ বিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পদের দাবিদার মো. আবু রায়হান মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘মো. আবদুর রশিদ মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করার ব্যাপারে আমার কোনো হাত নেই। কোনো শিক্ষার্থী এটি বলতে পারবে না। বরং আমাকেই মো. আবদুর রশিদ মিয়া তাঁর লোকজন দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন।’
এ বিষয়ে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রশিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বিধি মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন। চেয়ারে বসতে গেলেই মো. আবু রায়হান মিয়ার লোকজন ও তাঁর লেলিয়ে দেওয়া শিক্ষার্থী বাঁধা দেন আমাকে। সর্বশেষ গতকাল বুধবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে যাই এবং শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করার চেষ্টা করি। এতে বাধা দেন মো. আবু রায়হান মিয়ার লোকজন ও তাঁর পক্ষের শিক্ষার্থীরা। তাঁদের নিষেধ উপেক্ষা করে স্বাক্ষর করার সময় কয়েকজন শিক্ষার্থী রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান আমাকে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মো. আবু রায়হান মিয়াকে মারধর করতে আমি কোনো শিক্ষার্থীকে ইন্ধন দিইনি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, ‘সবাই নয়। কিছু উচ্ছৃঙ্খল শিক্ষার্থী স্যারদের পিটিয়ে গুরুতর আহত করেছেন। আমরা তাদের শাস্তির দাবি করছি।’
এ বিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘দুই দিন আগে আমি এখানে এসেছি। বিষয়টি জানা নেই আমার। তবে মারামারির বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের দিয়ে মারামারি করানো অত্যন্ত দুঃখজনক।’
অপর এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘প্রধান শিক্ষকের দাবিদার ২ শিক্ষককে তাঁদের কাগজপত্রসহ ২৬ সেপ্টেম্বর দেখা করতে বলেছি। এরপর বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেন তাঁর শেষ কর্মদিবস ১১ সেপ্টেম্বরে বিধি ভেঙে সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদকে দায়িত্ব না দিয়ে সহকারী শিক্ষক আবু রায়হান মিয়াকে দায়িত্ব প্রদান করেন।
এর আগে, পূর্বপরিকল্পিতভাবে সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদকে সাময়িক বরখাস্ত করেন প্রধান শিক্ষক। পরে সহকারী প্রধান শিক্ষক আবদুর রশিদ উচ্চ আদালত ও শিক্ষাবোর্ডে আবেদন করেন। উচ্চ আদালত ও শিক্ষাবোর্ড তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারপূর্বক স্বপদে বহাল করেন। শেষে আবদুর রশিদ আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করলে গত ২২ সেপ্টেম্বর তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন ইউএনও। এ নিয়েই দ্বন্দ্ব দুই শিক্ষকের মধ্যে। বর্তমানে কোনো কমিটি নেই ওই বিদ্যালয়ে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে