
ফেনীর সদর উপজেলার ভাঙার তাকিয়া এলাকায় তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান খালে উল্টে পড়ার পর চালক ও তাঁর সহকারীকে উদ্ধারের পরিবর্তে পানিতে ছড়িয়ে পড়া মাছ ধরতেই ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা। এ সময় নিজেদের চেষ্টায় গাড়ি থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান চালক ও সহকারী।
শুক্রবার (১২ জুন) সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ভাঙার তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লার ইলিয়টগঞ্জ থেকে চট্টগ্রাম ফিশারি ঘাটের উদ্দেশে তেলাপিয়াবোঝাই একটি পিকআপভ্যান রওনা দেয়। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজসংলগ্ন ভাঙার তাকিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়কের পাশের খালে উল্টে পড়ে যায় এবং গাড়িতে থাকা মাছ পানিতে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন খালে নেমে ছড়িয়ে পড়া মাছ ধরতে শুরু করেন। কেউ বালতি, কেউ বস্তা, আবার কেউ পলিথিনে করে মাছ সংগ্রহ করে নিয়ে যান। ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, এটি মাছ লুটের ঘটনা নয়। পিকআপ থেকে মাছ খালের পানিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেখান থেকে মাছ ধরেছে। না ধরলে স্রোতের পানিতে মাছ ভেসে চলে যেত।
পিকআপের চালক মোহাম্মদ আল আমিন বলেন, ‘সড়কের সমস্যার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাই। আমি ও আমার সহকারী কষ্ট করে গাড়ি থেকে বের হয়ে জীবন বাঁচাই। কিন্তু আমাদের সাহায্য না করে তখন সবাই মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে।’
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালে উল্টে পড়া পিকআপটি উদ্ধার করে হেফাজতে নেয়। পরে মালিকপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে গাড়িটি বুঝে নেয়। পিকআপটিতে আনুমানিক ৮৫ থেকে ৯০ হাজার টাকার তেলাপিয়া মাছ ছিল। তবে স্থানীয়দের মাছ লুটের অভিযোগ সঠিক নয়; খালের পানিতে ছড়িয়ে পড়া মাছই তারা সংগ্রহ করেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে