
ফরিদপুরে ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এক বিএনপি নেতার বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। আহত লাইনম্যান হলেন পার্থ বাগচি (২৮)। আজ মঙ্গলবার বিকেলে ঘটনাটি নিশ্চিত করেছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসিরউদ্দিন।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী উপজেলা জোনাল অফিসে দলবল নিয়ে প্রবেশ করে হামলা চালায় আজিজুল হক নামের এক ব্যক্তি। তিনি বোয়ালমারী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার (সদ্য বাতিলকৃত) ছিলেন। তবে বিষয়টি ওই অফিসের দায়িত্বরত কর্মকর্তার যোগসাজশে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুল হকের ৯ মাসের ৩৬ হাজার ৮৮২ টাকার বিদ্যুৎ বিল বাকি। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় গতকাল দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন লাইনম্যান পার্থ বাগচি। এমন খবর পেয়ে জোনাল অফিসে গিয়ে ওই লাইনম্যানকে মারধর করা হয়। তখন লাইনম্যানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী আল আমিন হোসাইন জানান, ‘উনার বিদ্যুৎ বিল বকেয়া ৩৬ হাজার ৮৮২ টাকা। অনেকবার বলার পরও তিনি বিল পরিশোধ করেন নাই। ডিজিএম স্যারের নির্দেশে লাইন কেটে অফিসে আসলে ছয়জন (কমিশনারসহ) এসে অফিসের দ্বিতীয় তলায় দাদাকে মারধর করেন।’
এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন, চলতি মাসের বিল বাড়তি আসায় মোবাইলে তিনি বিষয়টি জানতে চান। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপরেই তাঁর লাইন কেটে দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘আমি বছরে দুবার বিল দিয়ে থাকি। এটা তো তারাও জানে।’ তবে মারধর করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ‘আমার পোলাপান গিয়ে চড়-থাপ্পড় দিয়েছিল। তখন চাবির আঘাতে ওই লোকের মাথা কেটে যায়।’
এ বিষয়ে জানতে চাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং এড়িয়ে যান দায়িত্বরত জোনাল ম্যানেজার সাইদুর রহমান। তিনি বলেন, ‘এটা মীমাংসা হয়ে গেছে, কোনো কথা বলতে চাই না।’
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসিরউদ্দিন বলেন, ‘৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন কেটে দেওয়া হলে আমার কর্মীকে অফিসে ঢুকে মারধর করেছেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। শুনেছি, নিজেরা মীমাংসা করেছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে