
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ১০-১২টি রিকশাভ্যানকে ধাক্কা দিলে দুজন নিহত হন। আজ সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান একজন বৃদ্ধ। এ সময় আহত হন আরও চারজন। তাঁদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করার পাশাপাশি এর চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুজন হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৬৮) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।
আটক কাভার্ড ভ্যানের চালক দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কয়েকটি ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও চারজন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস সদস্যরা। তাঁদের একজন সেখানে মারা যান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে