নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকায় র্যাবের ওপর হামলার ঘটনায় বজলুর রহমান বজলু নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া বজলু কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। এলাকায় তিনি বজলু মেম্বার নামেই পরিচিত।
আজ শুক্রবার বিকেলে বজলুকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব-১-এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
আব্দুল্লাহ আল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাবের ওপর হামলায় জড়িত বজলু মেম্বারকে চনপাড়া বস্তি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত জানানো হবে।’
সম্প্রতি মাদক ও হত্যাসহ ২৩ মামলার আসামি সিটি শাহীন (৩৫) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। র্যাবের দাবি, সিটি শাহীনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে র্যাব পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হন শাহীন। পরে শাহীনকে আহত অবস্থায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তাঁর মরদেহ নেওয়া হয়। এ ঘটনায় র্যাবের পাঁচ সদস্য আহত হন। এরপর ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় গত ১১ নভেম্বর র্যাব সদস্যদের অ্যাসল্ট ও হত্যাচেষ্টায় একটি মামলা দায়ের করেন র্যাবে কর্মরত পুলিশ কর্মকর্তা মো. আশারাফুজ্জামান।
বুয়েটছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের পর রূপগঞ্জের চনপাড়ার এই ইউপি মেম্বার ও দুজন নারীর নাম দফায় দফায় আলোচনায় আসে। চনপাড়া বস্তিতে মাদকব্যবসা, হত্যা, বাড়ি দখলে বজলু মেম্বারের নামও এসেছে বারবার। বজলু মেম্বার এক সময় বস্তিতে ছোট্ট একটি দোকানে চালের ব্যবসা করতেন। তাঁর তিন মেয়ে ও দুই মেয়ের জামাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।
সিটি শাহীন, রায়হান, শাওন, রাজা, সাব্বির এরা সবাই বজলুর অনুসারী। তাদের সবার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। বস্তিতে জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন প্রত্যেকে। তাদের দৃশ্যমান কোনো পেশা নেই। তবে সবাই একাধিক বাড়ির মালিক। এসব বাড়ি ভাড়া দেন তারা।
বজলুর স্ত্রী শিরিন বস্তিতে ক্ষমতাবান। ঘটনার পর বজলু পলাতক। তবে তাঁর স্ত্রী বাসিন্দাদের মুখ না খুলতে ভয়ভীতি দেখাচ্ছেন। একটি এনজিওর অফিস দখল করে বস্তিতে নিজের অফিস বানিয়েছে বজলু মেম্বার। অনেকে সেটিকে টর্চার সেল বলেন।
হাসিনা বেগম নামে এক নারী বলেন, ‘ঘর করতে দেবে বলে আমার কাছ থেকে জোর করে এক লাখ টাকা নিয়ে যায় বজলু। তারপর আর ঘর করতে দেয়নি।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২১ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে