রাজধানীর তুরাগের কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রিয়া আক্তার (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
বুধবার (১১ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়া আক্তারের শরীরের প্রায় ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই ঘটনায় বর্তমানে আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে রুবেল ৩২ শতাংশ, রোজা ১৮ শতাংশ, দেলেরা খাতুন ১৪ শতাংশ, জুনায়েদ ২৪ শতাংশ, হাবিব ১৯ শতাংশ, আয়েশা খাতুন ১২ শতাংশ এবং আবু কালাম রুবেল ৭ শতাংশ দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁদের অনেকেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে তুরাগের ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোড এলাকায় মেম্বার বাড়ির পাশের আবুল কালামের একটি ভবনের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন রুবেল (৩০), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের তিন বছরের মেয়ে রোজা, সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তাঁর স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯) এবং আবু কালাম রুবেল (৩৫)। এদের মধ্যে সোনিয়া আক্তার ও এনায়েত আলী আগেই মারা গেছেন।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার ওই বাসায় রুবেল-সোনিয়া দম্পতি বসবাস করতেন। রুবেল পেশায় মোটরসাইকেল রাইড শেয়ার চালক। রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী দুবাই প্রবাসী এবং কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
সাজেদ মাতব্বর বলেন, এনায়েত পরিবার নিয়ে গ্রাম থেকে তুরাগে চাচাতো ভাই রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। একই ভবনের চতুর্থ তলায় তিনি নিজে থাকেন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে বাইরে এসে দেখা যায় ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়ালের অংশ ভেঙে গেছে এবং ভেতরে থাকা সবাই আগুনে দগ্ধ হয়েছেন।
পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধ ১০ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর থেকে আহতদের চিকিৎসা চলছে এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার নিয়ামতি ইউনিয়নের মহেষপুর বাজারে স্থানীয় জনগণের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
৪ মিনিট আগে
বাগেরহাটে অবৈধভাবে পরিচালিত সাতটি ইটভাটার ৪ লাখ কাঁচা ইট ভেঙে এবং পানিতে ভিজিয়ে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তর খুলনা কার্যালয় এই অভিযান চালায়।
১৭ মিনিট আগে
মৌলভীবাজারে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তামিম আহমেদ (১৯) নামের এক যুবক খুন হয়েছেন। আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শহরতলির সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিকেল ৪টার দিকে গোয়াডাংগা বাজারে অভিযান পরিচালনা করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। এ সময় বাজারের দুটি বন্ধ দোকান থেকে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করে রাখা খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন
৩৫ মিনিট আগে