
বাড়িভাড়া ভাতা বাড়ানোসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকেরা আগামীকাল মঙ্গলবার ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে বর্ধিত ভাতার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত চলমান কর্মবিরতি পালন করবেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
দেলাওয়ার হোসেন বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা দাবি মানার ঘোষণা না দেওয়া হয়, তাহলে আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে চলমান কর্মবিরতির কর্মসূচিও চলবে।
এদিকে গতকাল রোববার শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন দলগুলোর নেতারা। দুপুরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা শহীদ মিনারে উপস্থিত হয়ে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানান।
এদিকে আজ দেশের অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। তবে কোথাও কোথাও ক্লাসেও অংশ নিয়েছেন তাঁরা।
রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার বেশ কিছু প্রতিষ্ঠানে ক্লাস চলার তথ্য পাওয়া গেছে। রাজধানীর মডেল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখার শিক্ষক মেজবাহুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে। এখানে শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন না।’
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আজ ক্লাস চলছে বলে জানিয়েছেন শিক্ষকেরা। তবে রাজধানীর ধানমন্ডির মেহেরুন্নিসা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কর্মবিরতি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রভাষক আমিনুল ইসলাম বুলবুল। আর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি আলী কলেজের প্রভাষক শান্ত আলী বলেন, ‘আমাদের কলেজে কর্মবিরতি পালন করা হচ্ছে। উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ আছে। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস চালাচ্ছে।’
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। এর মধ্যে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক থেকে শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে লাঠিপেটা করা হয় শিক্ষকদের। এতে কয়েকজন শিক্ষক গুরুতর আহত হন।
গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার; তবে ৫ অক্টোবর এ ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকেরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তাঁরা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকেরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তাঁরা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে