
ঢাকার সদরঘাটে পন্টুনে বেঁধে রাখা লঞ্চের রশি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহতের ঘটনায় এমভি ফারহান–৬ ও এমভি তাসরিফ–৪ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে দুই লঞ্চের পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান আজকের পত্রিকাকে রুট পারমিট বাতিলের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর এই দুই লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
অবশ্য অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ অনুযায়ী, দুর্ঘটনাকবলিত নৌযানের ফিটনেস ও রুট পারমিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
অপরদিকে সদরঘাটে তাসরিফ–৪ লঞ্চের রশি ছিঁড়ে সেই রশির আঘাতে পাঁচজনের প্রাণহানির ঘটনায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে যাদের—এমভি ফারহান–৬ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. আব্দুর রউফ হাওলাদার (৫৪), দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. সেলিম হাওলাদার (৫৪) ও ম্যানেজার মো. ফারুক খাঁন (৭৬)। এই লঞ্চের ধাক্কাতেই লঞ্চ বাঁধার রশি ছিঁড়ে হতাহতের ঘটনা ঘটে। হেফাজতে নেওয়া বাকি দুজন হলেন—এমভি তাসরিফ–৪ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মো. মিজানুর রহমান (৪৮) ও দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. মনিরুজ্জামান (২৪)।
এর আগে বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এমভি তাসরিফ–৪ ও এমভি পূবালী–১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান–৬ নামে আরেকটি লঞ্চ পার্ক করার সময় এমভি তাসরিফ–৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে বেশ পাঁচজন যাত্রী নিহত হন। নৌ পুলিশের ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘তাসরিফ–৪ লঞ্চের দড়ি ছিঁড়ে ধাক্কায় পাঁচজন মারা গেছেন।’
নিহতরা হলেন—ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুর এলাকার আব্দুল্লাহ কাফীর ছেলে মো. রবিউল (১৯) ; পিরোজপুরের মঠবাড়িয়া থানার মাটিচোরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বিল্লাল (২৫), তাঁর স্ত্রী মুক্তা (২৬) ও তাঁদের মেয়ে সাইমা (৩) এবং পটুয়াখালী জেলার জয়নাল আবেদিনের ছেলে রিপন হাওলাদার (৩৮)।
এদিকে এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তদন্ত কমিটি গঠন করেছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান জানান, তিন সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন—বিআইডব্লিউটিএর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলাম কমিটির আহ্বায়ক, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন কমিটির সদস্য। কমিটি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেবে।
আরও পড়ুন:

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে