
রাজধানীর পল্লবীতে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুজনকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন কিবরিয়া হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন ওরফে বুকপোড়া সুজন (৩৫)। তাঁরা দুজনই সন্ত্রাসী গ্রুপ ‘ফোর স্টার’-এর সক্রিয় সদস্য। রিমান্ড আবেদনে এসব কথা উল্লেখ করা হয়েছে।
বিকেলে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক মোহাম্মদ হানিফ।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা পূর্বশত্রুতার জেরে পরস্পর যোগসাজশে একই উদ্দেশ্যে পিস্তল দিয়ে একাধিক গুলি করে গোলাম কিবরিয়াকে (৫০) হত্যা করেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। মামলাটি একটি নৃশংস খুনের ঘটনার মামলা, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলার ঘটনার সঙ্গে আসামিরা জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামির নাম ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ প্রকৃত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে তাদের পুলিশি হেফাজতে নিয়ে সাত দিনের জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী মো. রানা শেখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ১৮ নভেম্বর রাতে সাভার থানার বিরুলিয়া এলাকা থেকে গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি এবং হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মো. মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়। একই রাতে জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা থেকে শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মো. সুজন ওরফে বুকপোড়া সুজনকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব-৪-এর একটি দল।
১৭ নভেম্বর সন্ধ্যায় পল্লবীর একটি দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় কিবরিয়াকে। ওই ঘটনায় নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনা বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ভিকটিম গোলাম কিবরিয়া মাঝেমধ্যে পল্লবী থানার বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে তাঁর বন্ধু মাসুদ রানার সঙ্গে কথা বলতেন। ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে তাঁকে বুকে ও পিঠে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন আসামি মো. জনি ভূইয়া, সোহাগ কালু ও রোকন।
হত্যার পরিকল্পনা ও নির্দেশনা দেন আসামি সোহেল ও মাসুম। আসামিরা ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি গুলি করেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীরা পালানোর সময় স্থানীয় জনতার ওপর গুলিবর্ষণ করলে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে