
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ ও রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
আজ বুধবার দুপুরের পর ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে পৌঁছায়।
নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য বলেন, ‘সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে এসেছি। যে কক্ষে নবজাতকেরা মারা গেছে, সেখানে উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কি না, ছড়ালে সেটি কী ধরনের গ্যাস এবং কী পরিমাণে ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।’
এর আগে বেলা ১১টার দিকে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।
সরেজমিনে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন টিম হাসপাতালের পোস্ট-অপারেটিভ রুমে প্রবেশ করে বিভিন্ন আলামত ও নমুনা সংগ্রহ করে। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা সেখানে কাজ করেন।
নাম প্রকাশ না করার শর্তে টিমের আরেক সদস্য বলেন, ‘সব ধরনের সম্ভাবনাকে সামনে রেখেই আমরা নমুনা সংগ্রহ করছি। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই নিষ্পাপ শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করা হবে।’
এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা ছয় শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি। সিআইডির বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করছে। তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, এই ঘটনায় আরও পাঁচ শিশু হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।
তবে ভর্তি শিশুদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রভাত চন্দ্র বিশ্বাস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনআইসিইউতে চিকিৎসাধীন শিশুদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া কয়েকজন শিশুর শরীর নীল বর্ণ ধারণ করেছে বলেও জানা গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে