
প্রায় ১৬ ঘণ্টার চেষ্টার পর রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ সকাল সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নিভেছে। তবে ততক্ষণে পুড়ে গেছে দেড় হাজার ঘরবাড়ি। সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে পোড়া কাঠ আর টিনের স্তূপ। এখনো বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠছে। আর সেই ধ্বংসস্তূপের ভেতরে জীবনের ঝুঁকি নিয়ে বস্তিবাসীরা খুঁজে ফিরছেন তাঁদের শেষ সম্বলটুকু।
আজ বুধবার সকালে সরেজমিনে পুড়ে যাওয়া কড়াইল বস্তি এলাকায় দেখা গেছে, বস্তিজুড়ে ধোঁয়া উঠতে থাকা পোড়া টিনের স্তূপ। অসংখ্য মানুষ মরিয়া হয়ে খুঁজছেন ব্যবহারযোগ্য সামগ্রী। কারও হাতে পোড়া হাঁড়ি, কারও হাতে ভেঙে যাওয়া প্লাস্টিকের বাক্স।
ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের একজন সুরুজ আলী। ভয়াবহ এই আগুনে তাঁর ঘরসহ ভেতরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। সরুজ মিয়া বলেন, ‘আমাদের দুটা ঘর সব পুড়ে গেছে। খুঁজে দেখছি কিছু পাওয়া যায় কি না।’
বস্তির আরেক বাসিন্দা সুমি বলেন, ‘আমি ভাড়া থাকি। ঘরের জন্য যা জোগাড় করছিলাম তার কিছুই নাই। খুঁজে দেখলাম, সব পুড়ে গেছে।’
এদিকে আগুনের ঘটনায় বিধ্বস্ত কড়াইল বস্তিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়েছে। তবে উৎসুক অনেক মানুষ বস্তি এলাকায় ভিড় করছে।
পরিস্থিতি সামাল দিতে আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার বৌবাজারের একটি ঘর থেকে বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ঘিঞ্জি বসতি ও শুকনো মৌসুমের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বিশাল এই বস্তির শতাধিক ঘরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে ছুটে গেলেও সরু পথ ও পানির সংকটে আগুন নেভাতে ব্যাপক বাধার মুখে পড়ে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নির্বাপণ করে আজ সকাল সাড়ে ৯টায়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত ছড়িয়ে পড়া আগুনে প্রায় দেড় হাজার ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব ও আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে