কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে পারভিন আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাপালং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্বামী আব্দুল আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে আটক করেছে।
নিহত পারভিন আক্তার তিন সন্তানের জননী। তাঁর বাবার বাড়ি একই ইউনিয়নের পাতাবাড়ি এলাকায়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টার দিকে পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার বাবার বাড়ি যেতে চাইলে স্বামী আব্দুল আলমের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পারভিনকে গলায় ও ঘাড়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে আব্দুল আলম ও মরিয়ম বেগম পারভিনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভিন আক্তারের মরদেহের সঙ্গে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে গিয়েছিলেন তাঁর দুই বোন ও দুই ভাই। নিহতের বোন ইয়াসমিন আক্তার বলেন, “প্রায় সময় আবদুল আলম নেশা করে এসে আমার বোনকে মারধর ও নির্যাতন করত। অনেক কষ্ট সহ্য করে সে সংসার করে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাণ দিয়ে মুক্ত হল আমার অভাগা বোনটি। আমরা এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
নিহতের বড় ভাই সৌদি প্রবাসী কামাল উদ্দিন বলেন, “১০ বছর আগে আমার বোনের সঙ্গে আবদুল আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বোনের সুখের জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করে আসছিলাম। তারপরও সে সুখী হতে পারেনি। স্বামী পেশায় রাজমিস্ত্রী ছিল। কিন্তু নেশাগ্রস্ত হওয়ায় সে তেমন কাজ করত না।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িত সন্দেহে ভিকটিমের স্বামী আব্দুল আলম এবং শাশুড়ি মরিয়ম বেগমকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে