
কক্সবাজার সমুদ্রসৈকতে এবার জোয়ারের সঙ্গে ভেসে এল মরা পরপইস। গতকাল বুধবার বিকেলে শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে এই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীটি ভেসে আসে। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা মৃত প্রাণীটি সংগ্রহ করে ময়নাতদন্ত করেন।
বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ বলেন, এটি বোরির স্পেসিমেন মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে। তিনি জানান, মৃত পরপইসটি ওজনে মাত্র ৩ দশমিক ৮৮ কেজি। এটি একটি সদ্য প্রসবকৃত বাচ্চা পরপইস হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজারে পরপইস উদ্ধারের ঘটনা এই প্রথম। এটি ইংরেজিতে ইন্দো প্যাসিফিক ফিনলেস পরপইস হিসেবে পরিচিত। বৈজ্ঞানিক নাম নিওফোকেনা ফোকেনয়েডস। দেখতে ইরাবতী ডলফিনের মতো পরপইস একটি ছোট জলজ স্তন্যপায়ী প্রাণী। কিন্তু এদের পৃষ্ঠীয় পাখনা থাকে না। বাচ্চা অবস্থায় কালো রঙের হলেও বয়সের সঙ্গে রং বিবর্ণ হয়ে যায়। এটি ৫-৬ ফুট পর্যন্ত লম্বা হয়। এদের শরীর মজবুত এবং মাথা অনেকটা গোলাকার।
তিনি জানান, প্রাণীটি অগভীর জল, জলাভূমি ও মোহনা পছন্দ করে। এরা সাধারণত একাকী চলাফেলা করতে পছন্দ করে। কিন্তু মাঝেমধ্যে খাদ্য গ্রহণের সময় এদের ৫ থেকে ১২টি বা ৫০টির বেশি দলে ঘুরতে দেখা যায়। এরা মাছ, স্কুইড, চিংড়ি, অক্টোপাস এবং মাঝে মাঝে সামুদ্রিক উদ্ভিদও খায়। সাধারণত বসন্তে বা গ্রীষ্মে প্রাণীটি বাচ্চা দেয়। বাচ্চারা জন্মের পর মায়ের পিঠে লেগে থাকতে দেখা যায়। মাছ ধরার জালে আটকে পড়ে, নৌকার সঙ্গে সংঘর্ষে, শব্দ ও জল দূষণ এবং বাঁধ, পোতাশ্রয়সহ অন্যান্য নির্মাণ কাঠামোর কারণে এরা হুমকিতে পড়েছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় এটি বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত।
ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির সর্বশেষ জরিপে বঙ্গোপসাগরে মোট ১৩ জাতের সিটাসিয়ান বা সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শনাক্ত হয়েছে। এর মধ্যে আট প্রজাতির ডলফিন, চার প্রজাতির তিমি ও মাত্র এক প্রজাতির পরপইস রয়েছে।
উল্লেখ্য, গত বছর ৩০ মার্চ সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি মরা ইরাবতী ডলফিন ভেসে এসেছিল। এর আগে গত বছর ৮ ফেব্রুয়ারি ইনানীর হোটেল সি পার্ল-সংলগ্ন সৈকতে একই প্রজাতির মরা ডলফিন ভেসে আসে। ২০২২ সালের ২৩ আগস্ট ও ২০ মার্চ একই সৈকতে মরা ডলফিন ভেসে এসেছিল। ২০২০ সালের এপ্রিল মাসের শুরুতেও টেকনাফ সৈকতে দুটি মরা ডলফিন ভেসে এসেছিল।
এ ছাড়া গত বছরের ১৮ এপ্রিল রাতে কলাতলী সৈকতে একটি মরা তিমি ভেসে আসে। ২০২১ সালের ৯ ও ১০ এপ্রিল পরপর দুই দিনে হিমছড়ি সৈকতে দুটি মরা তিমি ভেসে এসেছিল। চলতি বছর জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজার শহর, রামু, উখিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়া সৈকতে অন্তত ১৯টি মরা সামুদ্রিক কচ্ছপ ভেসে এসেছে।

নেত্রকোনার বারহাট্টায় ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত মো. গোলাম কিবরিয়াকে (২৮) কারাগারে পাঠিয়েছেন আদালত।সোমবার (২ মার্চ) দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন কিবরিয়া।
৯ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবে টেন্ডারে অংশ নেওয়া এক ঠিকাদারের নিযুক্ত কর্মী ও বহিরাগত ব্যক্তিদের হুমকির মুখে পরীক্ষা না দিয়ে ফিরে গেছেন অনেকে।
১৭ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১ ঘণ্টা আগে
শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূর আসা সম্ভব নয়...
১ ঘণ্টা আগে