
স্থানীয়দের হামলায় সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থী। শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ১২টায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা।
আহত চার শিক্ষার্থী হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর রহমান। তাঁদের মধ্যে আবির হাতে গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মারধরের শিকার সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম বলেন, ‘আমরা বিভাগের সিনিয়র-জুনিয়রসহ ছয়জন রেল ক্রসিংয়ের ইসলামিয়া হোটেলে খাবার খেয়ে ক্যাম্পাসে ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তখন ৩ নম্বর বাসটি ক্যাম্পাসের দিকে আসছে দেখে আমরা ক্যাম্পাসে যাওয়ার জন্য গাড়িটি থামাই।
বাস কিছুটা দূরে গিয়ে দাঁড়ালে আমাদের কয়েকজন হইহুল্লোড় করে বাসে উঠতে যাচ্ছিল। এ সময় আমাদের হইহুল্লোড় দেখে স্থানীয় কয়েকজন আমাদের চট্টগ্রামের ভাষায় গালিগালাজ করতে শুরু করে। তাদের গালিগালাজ করা দেখে জুনিয়র আশিক প্রতিবাদ করলে নাঈম নামের একজন আশিকের দিকে তেড়ে আসে। যে এর আগে (৩১ আগস্ট ২০২৫) ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।’
শামীম আরও বলেন, ‘তার তেড়ে আসা দেখে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি আবির ভিডিও শুরু করলে তারা ওর ফোন নিয়ে যায়। আবিরকে বলে কেন সে ভিডিও করছে? তখন আবির নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিলে তাকেও মারধর শুরু করে। এ সময় তার হাতে লাঠি দিয়ে সজোরে আঘাত করে এবং মারতে থাকে।’
এ বিষয়ে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। বারবার আমাদের ভাইদের ওপর তুচ্ছ ঘটনায় মারধর করা হচ্ছে। এটা ধারাবাহিকভাবে চলতে পারে না। আসামিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।’
এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সাংবাদিকতা বিভাগের চারজনকে মারধর করা হয়েছে জেনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, ‘আমাদের কাছে আশিক ও আবির নামে দুজন রোগী এনেছে তার বন্ধুরা। আবিরের বাম হাতের কনুইয়ের ওপরে মারাত্মক আঘাত পেয়েছে। ভেঙে গেছে কি না এখনো বলা যাচ্ছে না। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে এক্স-রে এবং উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠিয়েছি। আর আশিকের বাম হাতের মাংসপেশিতে মারাত্মক আঘাত লেগেছে। তার হাতে ব্যথা উপশমের ওষুধ দিয়ে আপাতত অবজারভেশনে রেখেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘একজন সাংবাদিকসহ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিনজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। তাদের মধ্যে আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং একজন চবি মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। ঘটনা জানার পর আমরা পুরো টিম ঘটনাস্থলে আসি। এখানে হাটহাজারী থানার ওসিসহ পুলিশ সদস্যরা আছেন, দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি, আসামিকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে